২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষ কাগজ সম্পাদকের মুক্তি দাবি খালেদার

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হওয়া সাপ্তাহিক শীর্ষ কাগজের সম্পাদক একরামুল হকের মুক্তি দাবি করেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2011, 06:50 PM

Updated : 24 Aug 2022, 03:40 PM

ঢাকা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হওয়া সাপ্তাহিক শীর্ষ কাগজের সম্পাদক একরামুল হকের মুক্তি দাবি করেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। রোববার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি এ দাবি জানিয়ে সংবাদপত্র ও সাংবাদিকদের ওপর এ ধরনের নিপীড়নমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান। চাঁদাবাজির অভিযোগে গিয়াসউদ্দিন তালুকদার নামে এক ব্যবসায়ীর দায়ের করা মামলায় রোববার সকালে একরামুল হককে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয় তাকে। তিনি অনলাইন বার্তা সংস্থা শীর্ষ নিউজেরও সম্পাদক। খালেদা জিয়া তার বিবৃতিতে একরামুল হককে ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেন। তিনি বলেন, এই গ্রেপ্তারের মাধ্যমে প্রমাণ হয়েছে, আওয়ামী লীগ সরকার সংবাপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে না। স্বাধীনতার পর তারা সংবাদপত্রের স্বাধীনতা হরণ করে সংবাদপত্রের কন্ঠরোধ করেছিলো।" বিবৃতিতে খালেদা দাবি করেন, সরকারের সীমাহীন দুর্নীতি, ব্যর্থতা, নতজানু পররাষ্ট্র নীতির সমালোচনা ও বস্তুনিষ্ঠ সংবাদ সঠিকভাবে তুলে ধরার কারণেই শীর্ষ কাগজের সম্পাদককে গ্রেপ্তার করে রিমাণ্ডে নিয়ে নির্যাতন চালানো হচ্ছে। আলাদা বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এই গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/পিডি/০০০৫ ঘ.