২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ফের শ্রমিক ধর্মঘট

প্রত্যাহারের পর রোববার বিকালে আবারো ধর্মঘট ডেকেছে বগুড়া জেলা মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন। ফলে উত্তরাঞ্চলের ১১ জেলার সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগ দৃশ্যত বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2011, 05:30 PM

Updated : 24 Aug 2022, 03:40 PM

বগুড়া, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রত্যাহারের পর রোববার বিকালে আবারো ধর্মঘট ডেকেছে বগুড়া জেলা মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন। ফলে উত্তরাঞ্চলের ১১ জেলার সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগ দৃশ্যত বন্ধ রয়েছে। বগুড়া মোটর মালিক গ্র"পের সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান জানান, প্রশাসনের অনুরোধে এবং ঢাকায় শ্রমিক ফেডারেশন নেতাদের আশ্বাসে রোববার দুপুর সোয়া ১টায় বগুড়ার চারমাথা, মাটিডালী ও লিচুতলায় দ্বিতীয় বাইপাসে প্রবেশদ্বারে অবরোধ তুলে নেওয়া হয়েছিলো। তবে সিরাজগঞ্জের চান্দাইকোনায় বাধার সৃষ্টি করা হলে বিকাল চারটার পর থেকে মালিক ও শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আবারো ধর্মঘট ডাকা হয়েছে। "বারবার প্রশাসন প্রতিশ্র"তি দিলেও তারা কার্যকরী কোনো ব্যবস্থা গ্রহণ না করায় আমরা আর তাদের ফাঁদে পা দেবো না।" সরেজমিনে দেখা গেছে, বিকাল ৫টা থেকে বগুড়ার কেন্দ্রীয় বাসটার্মিনালে চারমাথা, মাটিডালি ও দ্বিতীয় বাইপাসের প্রবেশদ্বারে লিচুতলার শ্রমিক এবং মালিক সংগঠনের লোকজন অবরোধ সৃষ্টি করায় উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী সব যনবাহন চলাচল বন্ধ রয়েছে। সিরাজগঞ্জে এক শ্রমিককে মারধরের বিচার দাবিতে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন শনিবার সকাল থেকে ধর্মঘট ডাকে। বগুড়ার বাস মালিকরাও এতে সমর্থন দেয়। তবে রাতে প্রশাসনের উদ্যোগে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছিলো। বগুড়া পুলিশের সিনিয়র এএসপি আরিফুর রহমান মণ্ডল জানান, এই অচলাবস্থা নিরসনে প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে এক জরুরি সভা আহ্বান করা হয়েছে। বগুড়া জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম খান বলেন, "রোজার আগে এ ধরনের কর্মসূচি আহ্বান করা ঠিক নয়। প্রশাসনও এটা হতে দিবে না।" এদিকে, সিরাজগঞ্জ বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির জানিয়েছেন, রাত সাড়ে ৮টায় মালিক এবং শ্রমিক সংগঠন নিয়ে তারা বৈঠকে বসেছেন। বিকাল চারটা থেকেই টিআর পরিবহনের গাড়ি বন্ধ রয়েছে বলে টিআর পরিবহন পরিচালনা বোর্ডের সদস্য শাহরিয়ার অপেল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২৩১৭ ঘ.