২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক সম্মেলনের আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী

মালদ্বীপে অনুষ্ঠেয় সপ্তদশ সার্ক সম্মেলনের আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2011, 06:32 AM

Updated : 24 Aug 2022, 03:40 PM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালদ্বীপে অনুষ্ঠেয় সপ্তদশ সার্ক সম্মেলনের আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রটির প্রেসিডেন্ট মোহামেদ নাশিদের বিশেষ দূত ইব্রাহিম হোসেন জাকি শনিবার সকালে শেখ হাসিনার সাথে গণভবনে দেখা করে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। মালদ্বীপে আগামী ১০ ও ১১ সভেম্বর বসছে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের সপ্তদশ সম্মেলন। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে- সেতুবন্ধন রচনা। গতবার ভুটান সম্মেলনের প্রতিপাদ্য ছিলো- জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা। সার্ক সম্মেলনের শুরু হয় ১৯৮৫ সালে ঢাকায়। প্রথমে ভারত, পাকিস্তানসহ সাতটি দেশ নিয়ে এ জোট গঠিত হলেও পরে আফগানিস্তান যোগ হওয়ায় এ জোটের সদস্য রাষ্ট্র এখন আট। মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে সার্কের বিষয়াদি ছাড়াও দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানিয়েছেন। ভুটান সম্মেলনে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে গণতন্ত্রের সুরক্ষা নিশ্চিত করতে যে সনদ হাসিনা উপস্থাপন করেছিলেন, তা আগামী সম্মেলনে স্বাক্ষরের আশা প্রকাশ করেছেন ইব্রাহিম হোসেন। এ নিয়ে তৃতীয়বার সার্ক সম্মেলন আয়োজন করছে মালদ্বীপ। এর আগে ১৯৯০ ও ১৯৯৭ সালে দেশটিতে এ সম্মেলন বসেছিলো। মালদ্বীপের প্রেসিডেন্টের দূত অটিজম নিয়ে বাংলাদেশে হয়ে যাওয়া আন্তর্জাতিক সম্মেলনের প্রশংসা করেছেন বলে প্রধানমন্ত্রীর প্রেসসচিব জানান। ইব্রাহিম হোসেন আশা প্রকাশ করেছেন, প্রধানমন্ত্রীর কন্যা সায়মা হোসেনের প্রচেষ্টা ও উদ্যোগে অনুষ্ঠিত এ সম্মেলনের ফলে এ অঞ্চলের দেশগুলোতে অটিস্টিক শিশুদের অধিকার নিশ্চিত হবে ও এ বিষয়ে সচেতনতা বাড়বে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১২২৬ ঘ.