২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'খাবার' বাঁচলে বাঁচবে বাঘ

বাঘ রক্ষায় নানা কর্মসূচি হাতে নেওয়া হলেও বিপন্ন এই প্রজাতির খাবার নিশ্চিত করতে নেই তেমন কোনো উদ্যোগ। ফলে খাবারের সন্ধানে লোকালয়ে এসে মানুষের হাতে মারা পড়ছে সুন্দরবনের বাঘ। বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জানাচ্ছেন মামুনুর রশীদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2011, 02:49 PM

Updated : 24 Aug 2022, 03:39 PM

মামুনুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাঘ রক্ষায় নানা কর্মসূচি হাতে নেওয়া হলেও বিপন্ন এই প্রজাতির খাবার নিশ্চিত করতে নেই তেমন কোনো উদ্যোগ। ফলে খাবারের সন্ধানে লোকালয়ে এসে মানুষের হাতে মারা পড়ছে সুন্দরবনের বাঘ। বিশেষজ্ঞরা বলছেন, বাঘ রক্ষায় সবার আগে এদের খাবার নিশ্চিত করতে হবে। শুধু আইনের মধ্যে বণ্যপ্রাণী সুরক্ষা কার্যক্রম সীমাবদ্ধ থাকলে চলবে না, করতে হবে বাস্তবায়ন। ২০০৪ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও ভারতের বিশেষজ্ঞদের সহায়তায় পায়ের ছাপের ওপর ভিত্তি করে পরিচালিত জরিপে সুন্দরবনে ৪৪০টি রয়েল বেঙ্গল টাইগার গণনা করা হয়। এর মধ্যে ১২১টি পুরুষ, ২৯৮টি বাঘিনী এবং ২১টি শিশু বাঘ। তবে মানুষের হাতে মারা পড়ায় গত কয় বছরে এ সংখ্যা অনেক কমে এসেছে বলে বিশেষজ্ঞদের ধারণা। চলতি বছরের শুধু ফেব্র"য়ারি মাসেই খাবারের সন্ধানে লোকালয়ে এসে মারা পড়েছে চারটি বাঘ। জুনে আরো একটি। সরকারি তথ্য অনুযায়ী, ২০১০ সালের জুলাই পর্যন্ত দুই বছরে লোকালয়ে বাঘ এসেছে ১২৩ বার। এসব ঘটনায় গণপিটুনিতে পাঁচটি বাঘ মারা গেছে; বাঘের আক্রমণে মারা গেছে ৫১ জন মানুষ ও ৩৬টি গবাদিপশু। ২০০০ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত ১৯৩ জন মানুষ বাঘের আক্রমণে মারা যায়। এ সময়ে বাঘ মারা পড়েছে ২৩টি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ও ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অব বাংলাদেশের (ডব্লিউটিবি) প্রধান নির্বাহী ড. আনোয়ারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাকিস্তান আমলেও তখনকার ১৭টি জেলার মধ্যে ১৩টিতে বিভিন্ন প্রজাতির বাঘ ছিল। আর এখন আছে কেবল সুন্দরবনে। এখন সারা বিশ্বেই মাত্র ১৩টি দেশে বাঘের বিচরণ রয়েছে। তিনি বলেন, "বাঘ শিকারের চেয়ে বাঘের খাবার শিকার বেশি ভয়ানক। কিন্তু বন বিভাগ এ বিষয়ে কিছুই করতে পারছে না। প্রায় ১১ হাজার হরিণ প্রতি বছর মারা পড়ছে।" আইন করে হরিণ শিকার নিষিদ্ধ করা হলেও সে আইনের প্রয়োগ নেই বলে এমনটি ঘটছে বলে মনে করেন তিনি। এই বিশেষজ্ঞ সুন্দরবনের আশেপাশের ৮টি উপজেলার ৮০০ পরিবারের উপর পরিচালিত এক গবেষণার তথ্য তুলে ধরে বলেন, "এসব এলাকার প্রতিটি পরিবার বছরে অন্তত ১ কেজি করে হরিণের মাংস খেয়েছে। এ থেকেই বোঝা যায়, বাঘের খাবার সংকট কি হারে বাড়ছে।" সরকার লোকালয়ে হরিণ পালনের অনুমোদন দেওয়ায় সংকট আরো বাড়বে বলেও মনে করেন ড. আনোয়ার। তিনি বলেন, "পরিবেশ ও জীববৈচিত্র রক্ষায় সরকার যেখানে সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আলাদাভাবে গুরুত্বারোপ করেছে, সেখানে লোকালয়ে বাণিজ্যিক ভিত্তিতে হরিণ পালনের অনুমতি সাংঘর্ষিক।" বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল ঢাকার বন সংরক্ষক ড. তপন কুমার দে বিডিনিউজ টোয়েন্টিফের ডটকমকে জানান, বেসরকারি পর্যায়ে হরিণ লালন-পালন নীতিমালা ২০১০ সালে পাস হয়। শুক্রবার বিশ্ব বাঘ দিবস উপলক্ষে এক আলোচনায় বন্যপ্রাণী রক্ষায় সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। তিনি জানান, বন ও বন্যপ্রাণী রক্ষায় ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত টাইগার অ্যাকশন প্ল্যান, বাঘ-হাতি হত্যা করলে জেল-জরিমানার বিধান করার পাশাপাশি গাছ চুরি ও প্রাণীহত্যা রোধে সুন্দরবনের আশেপাশে বসবাসরত মানুষকে বন-ব্যবস্থাপনায় অন্তর্ভুক্ত করা, বন থেকে অর্জিত রাজস্বের একটি অংশ গ্রামবাসীকে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এ ছাড়া বিশ্বব্যাংকের সহায়তায় ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটানের যৌথ অংশগ্রহণে 'বন্যপ্রাণী সংরক্ষণ আঞ্চলিক সহযোগিতা শক্তিশালীকরণ প্রকল্প' গ্রহণ, বন্যপ্রাণী পাচার রোধে একাধিক বিশেষ টিম গঠন করে প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন সহযোগিতা দেওয়ার কথা জানান প্রতিমন্ত্রী। তবে জ্ঞানভিত্তিক বন বিভাগ গড়ে তোলা না গেলে এসব উদ্যোগ কাজে আসবে না- এমনটি মনে করেন অধ্যাপক আনোয়ার। তার মতে, "বন বিভাগের সবচেয়ে দুর্বল বিভাগ ওয়াইল্ড লাইফ সার্কেলকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে কার্যকর করতে হবে। বাড়াতে হবে লোকবল।" বন বিভাগের তথ্যের ঘাটতি পূরণে উপযুক্ত বৈজ্ঞানিক গবেষণার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। আনোয়ারুলের বক্তব্যে সায় দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞানের অধ্যাপক ড. এম মনিরুল এইচ খান বলেন, "বিজ্ঞানভিত্তিক তথ্য যখন ব্যবস্থাপনার সঙ্গে মিলে যায়, তখনই সেই ব্যবস্থাপনা এবং তথ্য কার্যকর হয়।" বাঘ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও মত দেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএল/জেকে/২০৪২ ঘ.