গাজীপুর, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলার তিন সড়ক (লক্ষীপুরা) এলাকায় লায়ন ফিড কারখানায় বিশেষ ধরনের গুদাম সাইলোয় ভুট্টার নিচে চাপা পড়া শ্রমিকের লাশ উদ্ধার হয়েছে।
চাপা পড়ার প্রায় ১৪ ঘণ্টা পর সাইলো খালি করে শুক্রবার ভোররাতে আব্দুল ওহাব (২৩) নামের ওই ব্যক্তির লাশ পাওয়া যায়। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার লাউটান গ্রামে।
কারখানার ব্যবস্থাপক মো. আমিরুল হক সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কয়েকজন শ্রমিক সাইলোতে ভুট্টা রাখতে গিয়ে দেখতে পান সায়লোর মুখ আটকে গেছে। তখন তারা বাঁশ দিয়ে সাইলোর মুখ পরিষ্কার করতে গেলে ভেতরে পড়ে যান ওহাব। কয়েক মুহূর্তের মধ্যেই হাজার টন ভুট্টার নিচে তলিয়ে যান তিনি।
ওই সময় আব্দুল মালেক (৪০) নামের আরো এক শ্রমিক আহত হন। তাকে গাজীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান কারখানা ব্যবস্থাপক ।
শুধু ওহাব নিখোঁজ হলেও একটি সংবাদ মাধ্যমে তিন জনের চাপা পড়ার খবর প্রকাশ হওয়ায় কারখানা কর্তৃপক্ষ বিস্ময় প্রকাশ করেন।
আমিরুল বলেন, "এভাবে দেশবাসীকে বিভ্রান্ত করা হয়েছে, যা দুঃখজনক।"
অনলাইন ওই সংবাদ মাধ্যমে খবরে ওহাবের পাশাপাশি কামাল নামের এক জনসহ অজ্ঞাত পরিচয়ের আরো এক শ্রমিক নিখোঁজ হওয়ার খবর প্রকাশ করা হয়। আমিরুল বলেন, কারখানায় কামাল নামের কোনো শ্রমিকই নেই।
তিনি বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশ ও অগ্নি নির্বাপক বাহিনীকে খবর দেওয়া হয়। তারা দুপুরে কাজ শুরু করে। রাত পৌনে ২টার দিকে ওহাবের লাশ উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমআই/১৫১০ ঘ.
bdnews24