২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজাহানপুরে উচ্ছেদ অভিযানে বাধা, সংঘর্ষে আহত ১১

রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে অবৈধ দখল উচ্ছেদের সময় দখদারদের সঙ্গে নিরাত্তাকর্মীদের সংঘর্ষে অন্তত ১১ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2011, 08:13 AM

Updated : 24 Aug 2022, 03:39 PM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে অবৈধ দখল উচ্ছেদের সময় দখদারদের সঙ্গে নিরাত্তাকর্মীদের সংঘর্ষে অন্তত ১১ জন আহত হয়েছে। এদের মধ্যে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা আহমাদুল হক সাংবাদিকদের জানান, রেল কর্তৃপক্ষ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সেখানে কয়েকটি দোকান উচ্ছেদের পর দুপুরে 'একতা সংঘ' নামে একটি সংগঠনের আধা-পাকা কার্যালয় ভাঙতে গেলে দখদাররা নিরাপত্তাকর্মীদের উপর হামলা চালায়। তিনি বলেন, "অবৈধ দখলদাররা আমাদের তাড়া করে কলোনি থেকে বের করে দেয়। এ সময় গুলির শব্দও শোনা যায়।" আহমাদুল হক জানান, প্রায় এক ঘণ্টা ধাওয়া-পাল্টা ধাওয়ার পর রেলওয়ের নিরাপত্তকর্মী, রেল পুলিশ ও থানা পুলিশ কলোনিতে প্রবেশ করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। এ সময় হামলাকারীদের ইটের আঘাতে অন্তত ৬ জন নিরাপত্তকর্মী আহত হন বলে দাবি করেন তিনি। আহতদের রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই কর্মকর্তা বলেন, "একটি মহল কলোনির ভেতরে অবৈধভাবে প্রায় ১ হাজার ঘর তুলে ভাড়া দিচ্ছে। ওই সব ঘরের কারণে কলোনি এলাকা মাদকের আখড়ায় পরিণত হয়েছে।" কলোনির বাসিন্দা ফয়সাল হোসেন সাংবাদিকদের বলেন, "ওই সব মিনি বস্তির কারণে আমাদের বাচ্চারা কলোনিতে ভালো পরিবেশ পাচ্ছে না। সন্ধ্যার পর যে কেউ এই এলাকায় আসতে ভয় পায়।" একটি ঘরের বাসিন্দা মমতাজ বেগম বলেন, "আমরা প্রথমে ধাওয়া দিয়ে তাদের (নিরাপত্তা কর্মী) সরায়ে দিছিলাম। কিন্তু পরে তারা গুলি করতে করতে ঢুকছে। পাঁচজনের গায়ে গুলি লাগছে।" এদের মধ্যে তারা বেগম ও মোহাম্মদ শহীদ নামে দুজনকে গুলিবিদ্ধি অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাজমা নামের আরেক বাসিন্দা বলেন, "আমি ৩৫ বছর ধরে এখানে ঘর তুলে আছি। আমরা কাউকে ভাড়া বা অন্য কিছু দেই না।" কোনো নোটিশ না দিয়েই তাদের উচ্ছেদ করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। অবশ্য ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা আহমাদুল হক বলছেন, পনের দিন আগে চিঠি দিয়ে অবৈধ দখলদারদের সরে যেতে বলা হয়েছিল। এ জন্য মাইকিংও করা হয়েছে। ঘটনার সময় মতিঝিল থানার এক দল পুলিশও সেখানে যায়। মতিঝিল থানার সহকারী উপপরিদর্শক শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রেল কর্তৃপক্ষ অবৈধ দখল উচ্ছেদ করতে গেলে স্থানীয়রা বাধা দেয়। এতে সংঘর্ষ বাঁধে।" ওই সময় পুলিশ গুলি চালিয়েছে কি না- জানতে চাইলে তিনি 'না' সূচক জবাব দেন। দুজনের গুলিবিদ্ধ হওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, "রেলওয়ের নিরাপত্তাকর্মীরা হয়তো গুলি চালিয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/২০২৭ ঘ.