ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্ন জেলায় পর্যটন শিল্পের বিকাশে জেলা প্রশাসকদের (ডিসি) নেতৃত্বে পর্যটন সেল ও কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন পর্যটনমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের।
ডিসি সম্মেলনের শেষ দিনে বৃহস্পতিবার সকালে ডিসিদের সঙ্গে বৈঠকে মন্ত্রী এ নির্দেশ দেন।
সকালে গোলাম কাদের ছাড়াও তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক করেন।
পরে পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন, প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বৈঠক করেন জেলা প্রশাসকদের সঙ্গে।
জিএম কাদের সাংবাদিকদের বলেন, "পর্যটন শিল্পের সম্ভাবনা রয়েছে এমন জেলাগুলোতে সংশ্লিষ্ট এলাকার উন্নয়নে ছোট ছোট প্রকল্প নিতে ডিসিদের বলা হয়েছে। তবে বড় প্রকল্পের প্রয়োজনে মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।"
জেলা পর্যায়ে জনগণের দোরগোড়ায় তথ্য সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জেলা প্রশাসকদের বলা হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী।
তিনি সাংবাদিকদের বলেন, "তথ্য অধিকার আইনের প্রয়োগ সম্পর্কেও জনগণকে সচেতন করতে তুলতে বলা হয়েছে তাদের।"
পানিসম্পদমন্ত্রী বলেন, বিভিন্ন স্থানে নদী ভাঙন প্রতিরোধ এবং নতুন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সীমিত সম্পদ নিয়ে মন্ত্রণালয় কাজ চালিয়ে যাচ্ছে। এসব ক্ষেত্রে সুষ্ঠুভাবে কাজ হচ্ছে কিনা, তা তদারকি এবং অর্থের অপচয় রোধে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি জানান, নদী ভাঙন রোধ, অবকাঠামো নির্মাণ ও নদী খননে সরকারের প্রায় ৭৫০ প্রকল্পের কাজ চলছে। এর মধ্যে ভাঙন রোধ ও মেরামতের জন্য ৩১০টির কাজ চলছে। এসব প্রকল্পের প্রতিটিতেই বর্তমানে সংসদ সদস্যরা উপদেষ্টা এবং ডিসিরা সভাপতির দায়িত্বে রয়েছেন।
বিভিন্ন জেলায় খাল দখল ও ভরাট করা বন্ধে পদক্ষেপ নেওয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান বলেন, এজন্য পানিসম্পদ মন্ত্রণালয়সহ পাঁচটি মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের মাধ্যমে কাজ করা হচ্ছে। এসব খাল উদ্ধার করে পানি রক্ষণাগার (রিজার্ভার) করা হবে। এসব খাল উদ্ধারে ডিসিদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৩৫০ ঘ.
bdnews24