ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার দলীয় জোটের সরকার বিরোধী আন্দোলনে সমমনা আরো আটটি দল সমর্থন জানিয়েছে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই আট দলের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, "আমরা বৃহত্তর আন্দোলনে ঐক্যবদ্ধ হতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছি। পঞ্চদশ সংশোধনীসহ বিভিন্ন ইসুতে আগামীতে বৃহত্তর ঐক্যের সঙ্গে সমমনা দলগুলো যুক্ত থাকবে।"
এই আট দল বৃহস্পতিবার বিএনপির ডাকা দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে বলেও জানান তিনি।
এক ঘণ্টার বৈঠকে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি, মুসলিম লীগ, বাংলাদেশ ন্যাপ, ইসলামিক পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি-ভাসানী, লেবার পার্টি, ডেমোক্রেটিক এলায়েন্সের নেতাদের সঙ্গে আন্দোলনের কৌশল নিয়ে আলোচনা করেন ফখরুল।
পরে তিনি সাংবাদিকদের বলেন, "জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সমমনা আট দল আমাদের আন্দোলনের সঙ্গে একমত হয়েছেন।"
জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি, লেবার পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামিক পার্টির চেয়ারম্যান আবদুল মবিন, মুসলিম লীগের মহাসচিব আতিকুল ইসলাম, ভাসানী ন্যাপের সভাপতি শেখ আনোয়ারুল হক, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সভাপতি খন্দকার গোলাম মূর্তজাসহ সংগঠনগুলোর মহাসচিবরা এই বৈঠকে উপস্থিত ছিলেন।
এর আগে সকালে এলডিপি মহাসচিব জাহানারা বেগমের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল উত্তরায় মির্জা ফখরুলের বাসায় বৈঠক করেন।
ওই বৈঠকে বিএনপির সঙ্গে একমঞ্চে অন্দালনে যুক্ত হতে এলডিপি সুনির্দিষ্ট প্রস্তাবনা দেয়।
গত ১৯ জুলাই এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদের সঙ্গে মির্জা ফখরুলের প্রথম বৈঠকে ঐক্যের খসড়া প্রণয়নের জন্য দুই দলের মহাসচিবের নেতৃত্বে একটি কমিটি হয়।
চারদলকে শক্তিশালী ও সমমনাদের আন্দোলনে শরিক করতে গত মাস থেকে বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগ শুরু করেন বিএনপির নেতারা। ইতোমধ্যে কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ ও অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বিকল্পধারা বাংলাদেশের সঙ্গেও আলোচনা হয়েছে বিএনপির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জেকে/১৭৩৬ ঘ.
bdnews24