২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শূন্য পাসে অগ্রগতি

চলতি বছর উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় সারাদেশে শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ার পাশাপাশি কমেছে শূন্য পাস করা প্রতিষ্ঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2011, 11:09 AM

Updated : 24 Aug 2022, 03:39 PM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছর উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় সারাদেশে শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ার পাশাপাশি কমেছে শূন্য পাস করা প্রতিষ্ঠান। বুধবার উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার আনষ্ঠানিক ফল প্রকাশের সময় এ তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, "এ বছর শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ৮৯২টি, যা গতবারের চেয়ে ১৭৮টি বেশি। অন্যদিকে শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ২৪টি, যা গতবারের চেয়ে ১টি কম।" শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখতে দক্ষেপ নেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। চলতি বছর সারাদেশে ৭ হাজার ১৭৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৭ লাখ ৬৪ হাজার ৮২৮ জন পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে পাস করেছে ৫ লাখ ৭৪ হাজার ২৬১ জন। পাসের শতকরা হার ৭৫ দশমিক ০৮ শতাংশ। মাদ্রাসা বোর্ডে শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা সবচেয়ে বেশি। এ বোর্ডের অধীন ৬৮২টি শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাস করেছে। এরপরেই রয়েছে কারিগরি শিক্ষা বোর্ড। এ বোর্ডের ১২৮টি প্রতিষ্ঠান থেকে সবাই পাস করেছে। আর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ৮টি বোর্ডের অধীনে শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৮২টি। কেউ উত্তীর্ণ হতে পারেনি- এমন শিক্ষা প্রতিষ্ঠান সবচেয়ে বেশি দিনাজপুর বোর্ডে। এ বোর্ডের সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে পাসের হার শূন্য। সিলেট, বরিশাল, চট্টগ্রাম ও কুমিল্লা বোর্ডে শূন্য পাসের কোনো প্রতিষ্ঠান নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএল/১৭০৫ ঘ.