২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারিক ক্ষমতা: হতাশ হতে হলো ডিসিদের

জেলা প্রশাসকরা আরো বিচারিক ক্ষমতা চাইলেও আইনিভাবে তা আর বাড়ানো সম্ভব নয় বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2011, 10:49 AM

Updated : 24 Aug 2022, 03:39 PM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা প্রশাসকরা আরো বিচারিক ক্ষমতা চাইলেও আইনিভাবে তা আর বাড়ানো সম্ভব নয় বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে বুধবার জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় করেন স্থানীয় সরকারমন্ত্রী। মঙ্গলবার সম্মেলনের প্রথম দিনের আলোচনায় জেলা প্রশাসকরা বিচারিক ক্ষমতা বাড়ানোর জন্য সরকারের কাছে সুপারিশ করেন। দ্বিতীয় দিনেও তাদের দাবি স্থানীয় সরকার মন্ত্রীর কাছে তুলে ধরেন তারা। জেলা প্রশাসকদের দাবির বিষয়টি তুলে ধরে আশরাফুল সাংবাদিকদের বলেন, "আইনিভাবে তাদের আগের মতো ক্ষমতা দেওয়া সম্ভব নয়। তবে কার্যক্রম পরিচালনার জন্য যতটুকু প্রয়োজন, ততটুকু বিচারিক ক্ষমতা তাদের দেওয়া হয়েছে। এর চেয়ে বেশি ক্ষমতা চাইলেও দেওয়া সম্ভব নয়।" বিচার বিভাগ সরকারের নির্বাহী বিভাগ থেকে আলাদা হওয়ার পর বিচারিক ক্ষমতা হারান জেলা প্রশাসকরা। তবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ কয়েকটি ক্ষেত্রে বিচারিক ক্ষমতা তাদের রয়েছে। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, "উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হয়ে গেছে। তাই আইনি কারণেই তাদের বিচারিক ক্ষমতা কমে গেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৬৪০ ঘ.