গাইবান্ধা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার পল্লীতে একটি বিলে পেতে রাখা মাছ ধরার জালে উঠেছে এক বৃদ্ধের লাশ। ওই বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি। তবে তিনি হত্যাকাণ্ডের শিকার বলে পুলিশ ধারণা করছে।
সাদুল্লাপুর উপজেলার জয়েনপুর গ্রামের গড়ের মাঠ মুরগিডাঙ্গার বিলে লাশটি পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
লুঙ্গি ও শার্ট পরিহিত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর।
সাদুল্লাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন রেজা সাংবাদিকদের বলেন, আব্দুল হাই নামে এক জেলে রোববার রাতে বিলে মাছ ধরার জন্য জাল পাতে। সোমবার ভোরে জাল তুলতে গিয়ে জালের সঙ্গে লাশটি প্যাঁচানো অবস্থায় পায়।
পচন ধরায় শরীরে কোনো ক্ষত চিহ্ন সনাক্ত করা যায়নি। তবে জিহ্বা বেরিয়ে থাকায় পুলিশ ধারণা করছে, শ্বাসরোধে হত্যার পর তার লাশ বিলে ফেলে দেওয়া হয়।
ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা শাহীন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৭৪৪ ঘ.
bdnews24