২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে জেল খেটে ফিরলেন ৬ জন

দালালের খপ্পরে পড়ে মধ্যপ্রাচ্যে যাওয়ার বদলে দিল্লির জেলখানায় পাঁচ মাস বন্দি জীবন কাটিয়ে নিঃস্ব হয়ে দেশে ফিরেছেন ছয় বাংলাদেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2011, 08:15 AM

Updated : 24 Aug 2022, 03:38 PM

বেনাপোল, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দালালের খপ্পরে পড়ে মধ্যপ্রাচ্যে যাওয়ার বদলে দিল্লির জেলখানায় পাঁচ মাস বন্দি জীবন কাটিয়ে নিঃস্ব হয়ে দেশে ফিরেছেন ছয় বাংলাদেশি। দিল্লির বাংলাদেশ দূতাবাসের দেওয়া বিশেষ বহির্গমন ছাড়পত্রের মাধ্যমে রোববার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে বেনাপোল পৌঁছান তারা। ফিরে আসা ব্যক্তিরা হলেন- রাজশাহীর বোয়ালিয়া উপজেলার মেহেরচন্ডী গ্রামের আব্দুর রাজ্জাক (৩৫), সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফলকথা গ্রামের ইনসাফ আলী (৩০), একই জেলার সদর উপজেলার দানিগঞ্জ গ্রামের সাইদুল ইসলাম (৩৫), মৌলভীবাজার সদর উপজেলার মোকামবাজার এলাকার রফিক (৩৫), চাঁদপুর সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের শাহাজালাল খান (৪০) এবং বাগেরহাটের রায়েন্দা এলাকার মাসুম (৩৮)। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের কর্মকর্তা আলী আজম সোমবার জানান, রোববার ছয় জন বিশেষ বহির্গমন ছাড়পত্র নিয়ে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে পৌঁছান। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে সকালে তারা নিজ নিজ গন্তব্যে রওনা হয়েছেন। ফেরত আসা ইনসাফ আলী সাংবাদিকদের জানান, সৌদি আরব ও কাতারে ভালো চাকরি দেওয়ার কথা বলে পাঁচ মাস আগে ঢাকার পুরানা পল্টনের আশরাফ ও সূত্রাপুরের সোহেল চৌধুরী নামের দুই দালাল ছয় জনকে হিলি স্থলবন্দর দিয়ে ভারতে নিয়ে যায়। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এরপর বিমানের টিকিট কাটার কথা বলে দালালরা দিল্লির একটি হোটেলে আমাদের রেখে পালিয়ে যায়। যাওয়ার সময় তারা আমাদের পাসপোর্টগুলোও নিয়ে যায়।" "হোটেল কর্তৃপক্ষ আমাদের দিল্লি পুলিশের কাছে হস্তান্তর করে। এরপর আদালতের মাধ্যমে আমাদের পাঠানো হয় দিল্লি কারাগারে", বলেন ইনসাফ। ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশিদের আটকের বিষয়টি বাংলাদেশ দূতাবাসকে জানালে এদের মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/আরএ/এমআই/১৪১০ ঘ.