২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চূড়ান্ত হিসাবে জনসংখ্যা ১৬ কোটি ছাড়াবে: মুহিত

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মনে করেন, আদম শুমারির চূড়ান্ত প্রতিবেদনে দেশের জনসংখ্যা ১৬ কোটি ছাড়িয়ে যেতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2011, 12:49 PM

Updated : 24 Aug 2022, 03:37 PM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মনে করেন, আদম শুমারির চূড়ান্ত প্রতিবেদনে দেশের জনসংখ্যা ১৬ কোটি ছাড়িয়ে যেতে পারে। রোববার ইকোনমিক রিপোর্টার্স ফোরামের 'বাজেট বাস্তবায়ন ও চ্যালেঞ্জ' শীর্ষক এক আলোচনায় তিনি বলেন, "আমার ধারণা জনসংখ্যা ১৫ কোটি ২০ লাখ থেকে সাড়ে ১৫ কোটি হবে। তবে প্রত্যাগতদের যোগ করলে এ সংখ্যা ১৬ কোটি ২০ লাখ থেকে সাড়ে ১৬ কোটি দাঁড়াবে।" গত ১৬ জুলাই প্রকাশিত পঞ্চম আদমশুমারির প্রাথমিক ফলে দেখা যায়, ১৫ মার্চ পর্যন্ত দেশের জনসংখ্যা ছিল ১৪ কোটি ২৩ লাখ ১৯ হাজার। দেশকে ১৩০টি শুমারি জেলায় ভাগ করে ১৫ মার্চ এই জনগণনা শুরু হয়। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, দেশের জনসংখ্যা বৃদ্ধির হার এখন ১ দশমিক ৩৪ শতাংশ, যা ১০ বছর আগের চেয়ে শূন্য দশমিক ২৪ শতাংশ কম। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ৯৬৪ জন। এই হিসাবে গত ১০ বছরে জনসংখ্যায় যোগ হয়েছে ১ কোটি ৭৯ লাখ ৬৪ হাজার মানুষ। গত বছরের ২১ অক্টোবর ইউএনএফপিএর 'বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি-২০১০' প্রতিবেদনে বাংলাদেশের জনসংখ্যা দেখানো হয় ১৬ কোটি ৪৪ লাখ। তবে গত ৩ মে তা সংশোধন করে ১৪ কোটি ৯০ লাখের কাছাকাছি দেখায় ইউএনএফপিএ। অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, গত কয়েক বছরে দেশের মানুষের খাদ্যাভ্যাস অনেক বদলে গেছে। "১৯৮০-এর দশকে আমাদের খাবার গ্রহণের গড় মাত্রা ছিলো দিনে দেড় বার। তবে এখন তা দুই বারে পৌঁছেছে। খাদ্য তালিকাতেও এসেছে পরিবর্তন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/জেকে/১৮৪৫ ঘ.