২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নুরুল হত্যামামলা মওদুদ প্রভাবিত করেন: হাছান মাহমুদ

মওদুদ আহমদ আইনমন্ত্রী থাকা অবস্থায় নূরুল ইসলাম হত্যা মামলার তদন্ত ও বিচারে প্রভাব বিস্তার করেছিলেন বলে অভিযোগ করেছেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2011, 12:39 PM

Updated : 24 Aug 2022, 03:37 PM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মওদুদ আহমদ আইনমন্ত্রী থাকা অবস্থায় নূরুল ইসলাম হত্যা মামলার তদন্ত ও বিচারে প্রভাব বিস্তার করেছিলেন বলে অভিযোগ করেছেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। সচিবালয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয় কার্যালয়ে রোববার সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, মওদুদ আহমদ প্রভাবিত করায় আদালত বিপ্লবকে দণ্ড দেয়। মহামান্য রাষ্ট্রপতি এসব বিবেচনায় তাকে ক্ষমা করে দিয়েছেন। এ ধরণের ঘটনা বিভিন্ন মেয়াদে বিএনপি ক্ষমতায় থাকাকালেও ঘটিয়েছে। লক্ষ্মীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলামকে গত আওয়ামী লীগ সরকারের আমলে ২০০০ সালের ১৮ সেপ্টেম্বর বাসা থেকে তুলে নিয়ে হত্যা করা হয়। পরে তার লাশ টুকরা টুকরা করে মেঘনায় ফেলে দেওয়া হয়। আলোচিত এ ঘটনায় ২০০৩ সালে হত্যামামলার রায়ে বিচারিক আদালত লক্ষ্মীপুর পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আবু তাহেরের ছেলে এ এইচ এম বিপ্লবসহ পাঁচ জনকে মৃত্যুদণ্ড দেয়। তবে ২০০১ সালে বিএনপি ক্ষমতায় যাওয়ার পর থেকে পলাতক ছিলেন বিপ্লব। এবার আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আবার প্রকাশ্য হন তিনি। ওই মামলায় মৃত্যুদণ্ড পাওয়া এ এইচ এম বিপ্লবের দণ্ড রাষ্ট্রপতি মওকুফ করেছেন বলে গত ২০ জুলাই একটি দৈনিকে খবর প্রকাশিত হয়। এ দণ্ড মওকুফের ঘটনায় সরকারের সমালোচনা করেছে বিরোধী দল বিএনপি। সরকারের কয়েকজন মন্ত্রী দণ্ড মওকুফ সমর্থন করে বক্তব্য দিয়েছেন। এ প্রসঙ্গে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, যাদের রাজনীতি মিথ্যা ও হত্যার ওপর প্রতিষ্ঠিত, তারা বিপ্লবকে ক্ষমা করে দেওয়ার বিষয় নিয়ে প্রশ্ন তোলার নৈতিক ক্ষমতা রাখেন না। তিনি জিয়াউর রহমানের শাসনামলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'সেভেন মার্ডার' মামলার প্রধান অভিযুক্ত শফিউল আলম প্রধান ও স্বাধীনতাবিরোধী ১২ হাজার রাজাকার ও দালালকে মুক্তি এবং ১৭ মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাকে ফাঁসি দেওয়ার বিষয় উল্লেখ করেন। "১৫ অগাস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার বন্ধ, ৩ নভেম্বর কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা হত্যাকাণ্ড ও এ সব হত্যাকাণ্ডের অভিযুক্তদের রাষ্ট্রীয় পদে বসিয়ে পুরস্কৃত করেছেন জিয়াউর রহমান।" পরবর্তী সময়ে খালেদা জিয়ার শাসনামলে 'জোড়া খুনে'র দায়ে ফাঁসির দণ্ড পাওয়া আসামি মহিউদ্দিন ঝিন্টু ও সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টুর ভাই শামসুল আলম তোফার দণ্ড মওকুফ করেন তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৮৩২ ঘ.