২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে পরিবহন ধর্মঘট

অবৈধ টোল আদায়, ব্যাটারি চালিত অটোরিকশা, নছিমন, করিমন ও ভটভটি বন্ধসহ পাঁচদফা দাবিতে কুড়িগ্রামে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2011, 10:08 AM

Updated : 24 Aug 2022, 03:38 PM

কুড়িগ্রাম, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ টোল আদায়, ব্যাটারি চালিত অটোরিকশা, নছিমন, করিমন ও ভটভটি বন্ধসহ পাঁচদফা দাবিতে কুড়িগ্রামে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। জেলা সড়ক পরিবহন মালিক গ্র"প, মোটর শ্রমিক ইউনিয়ন ও ট্রাক শ্রমিক ইউনিয়ন যৌথভাবে রোববার ভোর ৬টা থেকে এ ধর্মঘট শুরু করে। ধর্মঘট চলাকালে কুড়িগ্রাম থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে বাস, মিনিবাস, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। ধর্মঘট চলাকালে রোববার সকাল ১১টার দিকে বাস শ্রমিকরা কুড়িগ্রাম বাস টার্মিনাল এলাকায় দু'টি ও কুড়িগ্রাম প্রেসক্লাব মোড়ে একটি অটো রিক্সা ভাংচুর ও চালককে মারধর করে। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান কুড়িগ্রাম সদর থানার ওসি মইনুল হক। কুড়িগ্রামের পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, সঙ্কট সমাধানে রোববার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে একটি সমঝোতা বৈঠক ডাকা হয়। বৈঠকে পৌর কর্তৃপক্ষ, জেলা সড়ক পরিবহণ মালিক পক্ষ, জেলা মটর শ্রমিক ইউনিয়ন, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন ও ব্যাটারি চালিত অটো রিক্সা সমিতির নেতারা উপস্থিত থাকবেন। জেলা সড়ক পরিবহন মালিক পক্ষের সভাপতি পনির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান বকসী বলেন, পৌরসভা অন্যায়ভাবে অতিরিক্ত টোল ধার্য করায় এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। অযৌক্তিক টোল ও চাঁদা আদায় বন্ধ না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে। এ প্রসঙ্গে পৌর মেয়র নূর ইসলাম নুরু জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী পৌরসভায় চলাচলকারী যানবাহনের উপর পৌর টোল ধার্য করা হয়েছে। তিনি বলেন, টোলের হার নির্ধারণ করার জন্য এর আগে গাড়ীর মালিক ও শ্রমিক নেতাদেরকে আলোচনায় ডাকা হয়। কিন্তু তারা সে বৈঠক উপেক্ষা করে জনদুর্ভোগ সৃষ্টি করতে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৬০৮ ঘ.