২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইভিএমের পক্ষে মত সম্পাদকদের

প্রযুক্তিগত সুরক্ষা নিশ্চিত এবং জনগণকে সচেতনতা করে নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের পক্ষে মত দিয়েছেন গণমাধ্যম প্রতিনিধিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2011, 08:24 AM

Updated : 24 Aug 2022, 03:38 PM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রযুক্তিগত সুরক্ষা নিশ্চিত এবং জনগণকে সচেতনতা করে নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের পক্ষে মত দিয়েছেন গণমাধ্যম প্রতিনিধিরা। রাজনেতিক দলগুলোর আস্থা অর্জন করে পর্যায়ক্রমে তা চালুর পরামর্শও দেন তারা। রোববার নির্বাচন কমিশনের (ইসির) সঙ্গে নির্ধারিত সংলাপে জাতীয় দৈনিক, অনলাইন পত্রিকা, সংবাদ সংস্থার সম্পাদক ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেন। আগামী জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের প্রধানমন্ত্রীর ঘোষণা এবং বিরোধী দলের বিপরীত অবস্থানে নির্বাচন কমিশনের সিদ্ধান্তও জানতে চান সম্পাদকরা। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা বলেন, "আমরা কোনো স্টেজে, কখনো বলিনি ২০১৪ সালের জাতীয় নির্বাচন হবে ইভিএমের মাধ্যমে। এটা বলেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ও ইসি দুটি আলাদা প্রতিষ্ঠান। আমরা প্রধানমন্ত্রীর দপ্তরেরও কেউ নই। আমরা স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে নিজেদের কর্মপরিকল্পনা মতো এগোচ্ছি।" ইভিএম ব্যবহার নিয়ে নির্বাচন কমিশন দ্বিধা-দ্বন্দ্বেও নেই বলেও জানান তিনি। সদ্য প্রতিষ্ঠিত নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহারের পরিকল্পনা রয়েছে বলে জানান সিইসি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "দশম সংসদ নির্বাচনকে টার্গেট করেই আমরা এগোচ্ছি। নতুন নির্বাচন কমিশনই সিদ্ধান্ত নেবে ওই নির্বাচন ইভিএম হবে কিনা। আমরা সব ধরনের প্রস্তুতি রেখে যাবো। রাজনৈতিক দলগুলো রাজি হলে হবে, তা না হলে ইভিএম ব্যবহার হবে না।" জাতীয় নির্বাচনের জন্য ৪১ হাজারেরও বেশি কেন্দ্রে প্রতিটি বুথ বিবেচনায় দুই লক্ষাধিক ইভিএম তৈরি করা হলে ১৫ বছর ধরে তা ব্যবহার উপযোগী থাকবে বলে জানান সিইসি। প্রবীণ সাংবাদিক এবিএম মূসা জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত কারো মুখাপেক্ষী না হয়ে ইসিকেই নেওয়ার পরামর্শ দেন। সিইসি বলেন, "সংলাপে অধিকাংশ দল পর্যায়ক্রমে ইভিএম ব্যবহারের মত দিয়েছে। আমরা সবার মতামতে কাজ করতে চাই। সংবিধানের দোহাই দিয়ে জনবিচ্ছিন্ন কোনো সিদ্ধান্ত নিতে পারি না।" জাতীয় নির্বাচনে দলগুলোর মতামতকে গুরুত্ব দিলেও স্থানীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের কারো কথা আমলে নেওয়া হবে না বলে জানান তিনি। ইভিএম ব্যবহারের প্রযুক্তিগত নিরাপত্তা আরো জোরদারের পরামর্শ দেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী। প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম আধুনিক প্রযুক্তি ব্যবহারের আগে জনগণকে সচেতন করে তোলার পরামর্শ দেন। নির্বাচনে প্রযুক্তির ব্যবহারের বিরোধিতাকে মানসিকতার সঙ্কট বলে মন্তব্য করেন বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল। ভোটে অনিয়ম ও কেন্দ্র দখল রোধ না হলে ইভিএমের ব্যবহার কতটা যৌক্তিক- এ প্রশ্ন এলে সিইসি বলেন, "নির্বাচন ব্যবস্থাপনাকে সুষ্ঠু ও দ্রুত ফল ঘোষণার জন্য ইভিএম ব্যবহার করা হচ্ছে। এছাড়া প্রশাসনিক ঝুটঝামেলাও কমবে অনেক।" নির্বাচনের সময়ে চার মন্ত্রণালয় ইসির অধীনে চাওয়ার বিষয়টি তুলে ধরে ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত প্রশ্ন করেন, "তবে কি ইসি নিশ্চিত হয়েছে-তত্ত্বাবধায়ক ব্যবস্থা আর ফিরছে না?" জবাবে শামসুল হুদা বলেন, যেই সরকারই থাকুক, নির্বাচনের ওই ৯০ দিন সময়ে চার মন্ত্রণালয় ইসির পরামর্শক্রমে সিদ্ধান্ত নেবে। ইসি কোনো নিয়ন্ত্রণ চায় না, পরামর্শের ভিত্তিতে কাজ করার কথা বলা হয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সম্মেলন কক্ষে আয়োজিত সংলাপে অংশ নেন মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, এবিসি রেডিও'র হেড অব নিউজ সানাউল্লাহ লাবলু, বাসসের প্রধান সম্পাদক ইহসানুল করিম, চ্যানেল আই'র বার্তা প্রধান শাইখ সিরাজ, নিউ নেশন সম্পাদক মুস্তফা কামাল মজুমদার, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক শাজাহান সরদার, ইত্তেফাকের উপদেষ্টা সম্পাদক হাবিবুর রহমান মিলন, সময় টিভি'র সম্পাদকীয় প্রধান নিয়াজ মোর্শেদ কাদেরী, দি ইন্ডিপেন্ডেন্টের জার্নাল এডিটর মাসউদুর রহমান, মোহনা টিভি'র বার্তা সম্পাদক দেলোয়ার হোসেন, আরটিভি'র নিউজ ইন চার্জ লুৎফুর রহমান, ফিনেন্সিয়াল এক্সপ্রেসের ডেপুটি এডিটর শামসুল হক জাহিদ, দৈনিক ডেসিটিনির নির্বাহী সম্পাদক মাহমুদ আল ফয়সাল, দি গুড মর্নিং সম্পাদক এনায়েত এইচ খান, বাংলাবাজার সম্পাদক মনজুর এহসান চৌধুরী, দিগন্ত টেলিভিশন'র প্রধান বার্তা সম্পাদক রাশিদুল ইসলাম, রেডিও টুডে'র প্রধান বার্তা সম্পাদক সেলিম বাশার প্রমুখ। নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, এম সাখাওয়াত হোসেন, ইসি সচিব মোহাম্মদ সাদিক, বুয়েট, বিএমটিএফ ও এনএসইউ'র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে গত ১১ জুন এক দফা গণমাধ্যম প্রতিনিধির সঙ্গে সংলাপ করে। এবার দ্বিতীয় দফায় শুধু ইভিএম নিয়ে মতামত চায় ইসি। গত ৭ জুন থেকে সংলাপ শুরু হয়ে এ পর্যন্ত ইসি অধিকাংশ দলের সঙ্গে মত বিনিময় করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৬৩০ ঘ.