কুড়িগ্রাম, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামের বালিয়ামারী ও ভারতের মেঘালয় রাজ্যের কালাইরচর সীমান্তের 'জিরো পয়েন্টে' বসেছে বহু আলোচিত সীমান্ত হাট।
শনিবার দুপুরে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী ফারুক খান ও ভারতের শিল্প ও বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা যৌথভাবে ফলক উন্মোচন করে সীমান্ত হাট শুরুর ঘোষণা দেন।
এ সময় সেখানে উপস্থিত উভয় দেশের জনতা বিপুল করতালির মাধ্যমে সীমান্ত হাটকে স্বাগত জানায়। পরে দুদেশের বাণিজ্যমন্ত্রী সেখানে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
প্রতি বুধবার এখানে হাট বসবে। শীতকালে সকাল ১০টা থেকে বিকেল ৩টা এবং গ্রীষ্মকালে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই হাটে বিক্রি হবে উভয় দেশের ৪৭ ধরনের পণ্য।
ফারুক খান উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার বাণিজ্য সম্প্রসারণ আজ থেকে নতুন মাত্রা পেলো। এই হাটের মাধ্যমে এলাকার দরিদ্র মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি ভারত-বাংলাদেশ মৈত্রী আরো সুদৃঢ় হবে।
ভারতের বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা বলেন, এই সীমান্ত হাট ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্প্রসারণে মাইল স্টোন। এতে দু'দেশের মধ্যে পারস্পারিক সহযোগিতা ও বন্ধুত্ব আরো বাড়বে।
এ সময় শর্মা, ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে মুক্তিযুদ্ধে অবদানের জন্য বাংলাদেশের সর্বোচ্চ সম্মানসূচক পদকে ভূষিত করায় প্রধানমন্ত্রী, সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
প্রাথমিকভাবে বালিয়ামারী-কালাইচর সীমান্ত হাট চালু হলো, অল্প কিছুদিনের মধ্যে সুনামগঞ্জের লাউঘর ও পূর্ব খাসিয়া পাহাড়ের বালাট সীমান্তে আরেকটি এ ধরনের হাট চালু করা হবে। এই হাটগুলোর সফলতা দেখে আরো হাট চালু করা হবে বলে উভয় মন্ত্রীই আশাবাদ ব্যক্ত করেন।
২০১০ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় উভয়পক্ষ সীমান্তে এই হাট চালুর বিষয়ে একমত হয়। গত বছর ২৩ অক্টোবর এ বিষয়ে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়। বলা হচ্ছে, এই সীমান্ত হাট দিয়ে দুই দেশের মধ্যে বছরে ২ কোটি ডলারের ব্যবসা হবে।
শনিবার সকাল ১১টায় দুই দেশের বাণিজ্য মন্ত্রী প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে সীমান্ত হাটে পৌঁছালে মেঘালয় রাজ্যের হাজং, গারো ও কোচ সম্প্রদায়ের নারী-পুরুষ এবং বাংলাদেশের সাংস্কৃতিক দলের প্রতিনিধিরা নাচ-গানে তাদের বরণ করে নেয়।
পরে জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে প্রথমে বাংলাদেশের জাতীয় পতাকা এবং পরে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে দুই দেশের প্রায় পাঁচশ অতিথি যোগ দেয়।
মঞ্চের পাশে বসেছিল স্বল্প পরিসরে হাট। দোকান কম, মানুষ বেশি। ফলে বেচাকেনার চেয়ে এদিন দুদেশের মানুষের আনন্দ-উচ্ছ্বাসে সীমান্ত হাট মেতে উঠে মিলন মেলায়, ছড়িয়ে দেয় মৈত্রীর বার্তা।
সীমান্ত হাটে ভারতীর পণ্যের মধ্যে উল্লেখযোগ্য হলো- স্থানীয়ভাবে উৎপাদিত শাক-সব্জি, বিভিন্ন ধরনের খাবার ও ফল, মসলা, বাঁশের তৈরি বিভিন্ন সামগ্রী, মাছ ও শুঁটকি, দুধ, হাঁস-মুরগি, কাঠের আসবাবপত্র ও তাঁতে বোনো গামছা-লুঙ্গি ইত্যাদি।
অন্যদিকে বাংলাদেশি পণ্যের মধ্যে থাকবে চিপস, চানাচুর, আলু, তৈরি পোশাক, শুঁটকি, হাঁস-মুরগি, ডিম, সাবান, সিম ও আসবাবপত্র ইত্যাদি।
তবে প্রাথমিকভাবে ধারালো অস্ত্র, মোবাইল ফোন, সিম কার্ড, জুয়েলারি, সিগারেট, ম্যাচ এবং ছোট শিশুদের নিয়ে হাটে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
প্রাথমিকভাবে এই হাটে আটটি ছাউনিতে উভয় দেশের ২৫ জন করে ৫০ জন ব্যবসায়ী পণ্য কেনাবেচা করতে পারবেন। হাটের জন্য নির্ধারিত চার বিঘা জমি কাঁটাতার দিয়ে ঘেরা হয়েছে। এখানে উভয় দেশের ছয়শ জন ক্রেতা আসবেন। ক্রেতা-বিক্রেতা উভয়কে পরিচয় পত্র দেওয়া হয়েছে।
দুপুর পৌনে দুটায় উদ্বোধন অনুষ্ঠান শেষে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী, জাতীয় সংসদ সদস্য ও উর্ধ্বতন কর্মকর্তারা ভারতের আমপাতি মহুকুমার সার্কিট হাউজে মধ্যাহ্ন ভোজে অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/পিডি/১৯৫২ ঘ.
bdnews24