বাগেরহাট, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধার্য তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) পাঁচ হাজার টাকা জরিমানা করেছে আদালত।
মোরেলগঞ্জের জ্যেষ্ঠ সহকারী জজ মোস্তফা পাভেল রায়হান বৃহস্পতিবার এই আদেশ দেন।
উপজেলার ডেউয়াতলা গ্রামের কালিপদ রায় নামে এক ব্যক্তির দায়ের করা মামলায় এ আদেশ দেওয়া হয়।
এ জরিমানার অর্থ মামলার বাদী ক্ষতিপূরণ বাবদ আদায় করতে পারবেন বলেও আদেশে বলা হয়।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মো. জোহর আলী তার দায়িত্বের পাশাপাশি সহকারী কমিশনারের (ভূূমি) দায়িত্বও পালন করছেন।
সহকারী কমিশনার (ভূমি) হিসেবে তাকে এ আদেশ দেওয়া হয়।
মামলার নথি থেকে জানা যায়, ডেউয়াতলা গ্রামের এসএ ৩৯০ খতিয়ানের ৪ দশমিক ৮৬ একর জমির মধ্যে অর্ধেক অংশের মালিক ছিলেন মনোহর বৈরাগী। ১৯৭০ সালে একই গ্রামের নূরুদ্দিন রেজিস্ট্রি করে ওই জমি কিনে নেন এবং নামজারি করেন।
১৯৮২ সালে তিনি কালিপদ রায়ের কাছে ওই জমি হস্তান্তর করেন।
কিন্তু এ জমির রেজিস্ট্রি দলিলটি জাল দাবি করে মনোহর বৈরাগীর ভাতিজা অনিল বৈরাগী জমিটি ডিসিআর মূলে বন্দোবস্ত নেন।
একই জমি একজনের নামে নামজারি ও আরেকজনের নামে ডিসিআর দেওয়ার ঘটনায় কালিপদ রায় আদালতে একটি মিস মামলা (নম্বর: ৬০/৮৬) করেন।
আদালত গত ১৭ জুলাই মামলার নির্ধারিত তারিখে মোরেলগঞ্জের সহকারী কমিশনারকে (ভুমি) নথিপত্রসহ সশরীরে আদালতে উপস্থিত হওয়ার আদেশ দেন। কিন্ত সহকারী কমিশনারের দায়িত্বে থাকা ইউএনও মো. জোহর আলী ধার্য তারিখে আদালতে উপস্থিত হননি।
এ ব্যাপারে মো. জোহর আলী বলেন, তিনি এ বিষয়ে আদালতের কোনো সমন পাননি। তার বিরুদ্ধে দেওয়া আদালতের এ ধরনের কোনো অর্থদণ্ড সম্পর্কেও তিনি অবহিত নন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১৮ ঘ.
bdnews24