২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় দুইঘণ্টা সড়ক অবরোধ

আটক পরিবহন শ্রমিকের মুক্তির দাবিতে মাগুরায় দুইঘণ্টা সড়ক অবরোধ করেছে জেলা মাইক্রোবাস মালিক-শ্রমিক সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2011, 01:46 PM

Updated : 24 Aug 2022, 03:36 PM

মাগুরা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আটক পরিবহন শ্রমিকের মুক্তির দাবিতে মাগুরায় দুইঘণ্টা সড়ক অবরোধ করেছে জেলা মাইক্রোবাস মালিক-শ্রমিক সমিতি। শুক্রবার সকাল ৯টার দিকে ভায়নার মোড় বাসস্ট্যান্ড এলাকায় তারা মাইক্রোবাস দিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে। সকাল ১১টার দিকে পুলিশ আটক শ্রমিকদের ছেড়ে দিলে অবরোধ তুলে নেয়। জেলা মাইক্রোবাস শ্রমিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিটন বিশ্বাস জানান, বৃহস্পতিবার রাতে স্থানীয় শান্তি নামের একটি বেসরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে মাগুরা থেকে একটি মৃতদেহ নড়াইলের লাহুড়িয়ায় নেওয়া হয়। আরেকটি মাইক্রোবাস নিয়ে স্বজনরা যান। মৃতদেহ পৌঁছে ফেরার পথে মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্স পথে কিছু যাত্রী নিয়েছিল। রাত ২টার দিকে মাগুরা সদরের লস্করপুর এলাকায় মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্স ডাকাতের কবলে পড়ে। এ সময় মাইক্রোবাস চালক লিটন মিয়া ফোনে ডাকাতির ঘটনা পুলিশকে জানালে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এর আগে যাত্রীদের মালামাল লুট করে ডাকাতরা পালিয়ে যায়। কিন্তু পুলিশ ডাকাতদের না পেয়ে মাইক্রোবাস চালক লিটন মিয়া, অ্যাম্বুলেন্স চালক মিন্টু মিয়া ও সহকারী জুয়েল, নাজির ও শিমুলকে আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে মাগুরা সদর থানার উপ পরিদর্শক (এসআই) দাউদ হোসেন জানান, যাত্রীসহ অন্যদের অভিযোগের ভিত্তিইে চালক ও সাহকারীদের আটক করা হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯৪৪ ঘ.