গাজীপুর, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের ছুটিকে কেন্দ্র করে গাজীপুরের রাজেন্দ্রপুরে একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কারখানার এক কর্মকর্তাসহ অন্তত ছয় জন আহত হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার সকালে গিভেন্সী গ্র"পের প্রতিষ্ঠান জাহিন টেক্স নামে তৈরি পোশাক কারখানায় এ সংঘর্ষ বাঁধে।
জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সৈয়দ মো. আজহারুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টার দিকে কাজ করার সময় শ্রমিকরা জানতে পারে আগামী ঈদে তাদের তিন দিন ছুটি দেওয়া হবে।
কিছু পরে কারখানার শ্রমিক প্রতিনিধিরা কর্তৃপক্ষের কাছে গিয়ে ছয় দিন ছুটি দাবি করে। তখন কারখানা কর্তৃপক্ষ ঈদ পরবর্তী ছুটির দিনগুলোতে তিন দিন কাজ করার শর্তে ঈদ এবং এর আগে মিলিয়ে ছয় দিন ছুটির আশ্বাস দেয়।
এ নিয়ে শ্রমিকরা দুইভাগে বিভক্ত হয়ে পড়ে। একপক্ষ কারখানা কর্তৃপক্ষের সিদ্ধান্ত মেনে নেয়। অপরপক্ষ শর্তহীনভাবে ছয় দিনের ছুটির দাবি করে।
এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এসআই জানান, পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। দুই পক্ষের সংঘর্ষে কারখানার ব্যবস্থাপক ইয়াকুব আলীসহ বেশ ছয় জন আহত হয়। তাদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পরে কারথানা কর্তৃপক্ষ শুক্রবারের জন্য শ্রমিকদের ছুটি দিয়ে দেয় বলে জানান পুলিশ কর্মকর্তা।
গিভেন্সি গ্র"পের মহাব্যবস্থাপক এ কে এম সফিউল আলম রানা সংবাদিকদের জানান, এখনো ঈদের অনেক দেরি। তারপরও ঈদের আগাম ছুটি নিয়ে শ্রমিকরা সংঘর্ষে লিপ্ত হয়।
তিনি জানান, শুক্রবারের জন্য কারখানা ছুটি দেওয়া হয়েছে। শনিবার কারখানা যথারীতি খোলা থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৭৫৮ ঘ.
bdnews24