ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পত্রিকায় প্রকাশিত খবর ও বিভিন্ন জরিপের তথ্য অনুযায়ী, দেশের উপকূলীয় অঞ্চলে মাছ ধরতে গিয়ে গত ২০ বছরে অন্তত সাড়ে তিন হাজার জেলের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বেসরকারি সংগঠন গ্রিন ক্লাব অব বাংলাদেশ।
শুক্রবার পল্টনের মুক্তিভবনে 'সাগর ও উপকূলীয় অঞ্চলে ২০ বছরে ফিশিং ট্রলার দুর্ঘটনা, প্রাণহানি ও ক্ষয়-ক্ষতি' শীর্ষক সেমিনারে সংগঠনটির পক্ষ থেকে এ তথ্য তুলে ধরা হয়।
সেমিনারের মুখ্য আলোচক পানিসম্পদ পরিকল্পনা সংস্থার সাবেক মহাপরিচালক ম. ইনামুল হক বলেন, উপকূলীয় অঞ্চলে মাছ ধরতে গিয়ে দুর্যোগে ও দুর্ঘটনায় প্রাণহানি ও সম্পদের ক্ষয়-ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য-উপাত্ত সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে নেই।
তবে দীর্ঘ সময় ধরে গণমাধ্যমে প্রকাশিত খবর, উপকূলীয় অঞ্চলের প্রশাসন, জনপ্রতিনিধি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের ওপর চালানো সমীক্ষার তথ্য অনুযায়ী গত ২০ বছরে সাগরে মাছ ধরতে গিয়ে নৌযান ডুবে অন্তত সাড়ে তিন হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
এই সময়ে ছোট-বড় মিলিয়ে অন্তত ২ হাজার ৪০০ নৌযান সাগরে ডুবেছে। এতে আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ৪৮০ কোটি টাকা।
ইনামুল হক বলেন, বৈধ কাগজপত্র ছাড়াই যেসব নৌযান উপকূলে চলাচল করে সেগুলোতে প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনায় জীবনরক্ষার জন্য পর্যাপ্ত ব্যবস্থা থাকে না। এমনকি বৈধ নৌযানগুলোর অধিকাংশও নিময় মেনে চলে না। এতে করে উপকূলে নৌ দুর্ঘটনা ও প্রাণহানী বাড়ছে।
উপকূলীয় অঞ্চলে অবৈধ নৌযানের চলাচল বন্ধ করতে কোস্টগার্ড, স্থানীয় প্রশাসন, পুলিশ এবং জন প্রতিনিধিদের জেলাভিত্তিক টাস্কফোর্স গঠনের সুপারিশ করা হয় সেমিনারে।
গ্রিন ক্লাব অব বাংলাদেশের সভাপতি নুরুর রহমান সেলিমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া, সাংবাদিক কাজী রফিক, বিআইডাব্লিউটিএর সিনিয়র ভাইস চেয়ারম্যান বদিউজ্জামান বাদল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স আলোচনায় অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/জেকে/১৭০৩ ঘ.
bdnews24