বরিশাল, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিরসরাই দুর্ঘটনার সেই মিনি ট্রাকচালক মফিজ (৪৫) সহজে ধরা দিতে চাননি বলে জানিয়েছে পুলিশ। নিজের ভিন্ন নাম বলে তিনি গ্রেপ্তার এড়াতে চেয়েছিলেন।
তাকে গ্রেপ্তার করা বরিশাল মহানগরীর কাউনিয়া থানার উপ-পরিদর্শক হেমায়েল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিরসরাই থানার ওসি ইফতেখার হৈাসেন মফিজের ভাগ্নির শ্বশুড়বাড়িতে অবস্থান করছে বলে জানান।
সেই খবরে কাউনিয়া থানার পুলিশের কয়েকটি দল চরবাড়িয়া ইউনিয়নের সব গ্রামে অভিযান শুরু করে।
বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে ইউনিয়নের উলাল বাটনা গ্রামের খাঁ বাড়িতে ফরিদ খানের ঘরে অভিযান চালানো হয়।
গত ১১ জুলাইয়ের মিরসরাইয়ে একটি মিনি ট্রাক উল্টে ডোবায় পড়ে গেলে ৩৮ স্কুলছাত্রসহ ৪০ জন নিহত হয়। ওই দুর্ঘটনায় মফিজকে আসামি করে একটি মামলা হয়।
তার বাড়ি মিরসরাই উপজেলার মধ্যম মায়ানি ইউনিয়নের মোক্তারপাড়ায়। দুর্ঘটনার পরপরই গাঢাকা দেন মফিজ।
খাঁ বাড়ির বারান্দায় মফিজ বসেছিলেন জানিয়ে হেমায়েল বলেন, তার পরিচয় জানতে চাইলে নিজেকে 'জসিমউদ্দিন' বলে পরিচয় দেয়। একইসঙ্গে তিনি গ্রামের বাসিন্দা হিসেবে নিজেকে পরিচয় দেন।
এই অঞ্চলের মানুষের উচ্চারণের সঙ্গে মফিজের কথার কোনো মিল ছিলো না বলে জানান ওসি।
হেমায়েল বলেন, তিনি নাম 'জসিমউদ্দিন' বললেও তারা বাবা ও মায়ের নাম হিসেবে মফিজের বাবা-মায়ের নামই বলেন। তখন তার হাতে হাতকড়া পড়ানো হয়।
তখন মফিজ কেঁদে ফেলে মিরসরাইয়ে দুর্ঘটনার সেই মিনি ট্রাকের চালক ছিলেন বলে স্বীকার করেন।
বরিশাল মহানগর পুলিশ কমিশনার সৈয়দ তৌফিকউদ্দিন আহম্মেদ বলেন, মিরসরাই থানায় করা বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে গুরুতর আহত ও মৃত্যু ঘটানোর অভিযোগে দায়ের করা মামলায় মফিজকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২৩৪২ ঘ.
bdnews24