২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাদের সিদ্দিকীর সমাবেশে বাধা: টাঙ্গাইলে মামলা

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীকে জনসভা করতে বাধা দেওয়ার ঘটনায় টাঙ্গাইলে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2011, 05:03 PM

Updated : 24 Aug 2022, 03:36 PM

টাঙ্গাইল, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীকে জনসভা করতে বাধা দেওয়ার ঘটনায় টাঙ্গাইলে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কৃষক শ্রমিক জনতা লীগ টাঙ্গাইল জেলা শাখার দপ্তর সম্পাদক মলয় কুমার সাহা টাঙ্গাইলের জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতে এ মামলা দায়ের করেন। বিচারক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ বিষয়ে তদন্ত করে আদালতে প্রতিবেদন দেওয়ার জন্য কালিহাতি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। বাদী পক্ষের আইনজীবী রফিকুল জানান, গত ৯ জুলাই বিকেলে কালিহাতী উপজেলার পোষনা প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ জনসভার আয়োজন করে। কাদের সিদ্দিকীর এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো। কিন্তু পুলিশি বাধার মুখে সেদিন জনসভা হয়নি। ওইদিন সন্ধ্যা পৌনে ৭টার দিকে কাদের সিদ্দিকী জনসভাস্থলের কাছে পৌঁছলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তার গাড়ির গতিরোধ করে 'কাদের সিদ্দিকী রাজাকার- এই মুহূর্তে বাংলা ছাড়' স্লোগান দেয় বলে অভিযোগ করেন আইনজীবী। কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার ঠাণ্ডু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক ভূঁইয়াসহ আওয়ামী লীগের ৫০/৬০ জন নেতা-কর্মী অস্ত্রসজ্জিত হয়ে সেখানে উপস্থিত থেকে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে বলে মামলার আরজিতে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/২২৫৮ ঘ.