২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফারুকের পর যুক্তরাষ্ট্রে গেলেন হারুনও

চিকিৎসার জন্য বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের যুক্তরাষ্ট্র যাওয়ার আট দিনের মাথায় একই কারণে সেখানে গেলেন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (তেজগাঁও বিভাগ) হারুন-উর-রশিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2011, 04:15 PM

Updated : 24 Aug 2022, 03:36 PM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসার জন্য বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের যুক্তরাষ্ট্র যাওয়ার আট দিনের মাথায় একই কারণে সেখানে গেলেন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (তেজগাঁও বিভাগ) হারুন-উর-রশিদ। পুলিশের মহাপরিদর্শক হাসান মহমুদ খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হারুন চিকিৎসার জন্য ছুটি নিয়ে বিদেশে গেছেন।" বৃহস্পতিবার ভোরে হারুন যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন বলে পুলিশ কর্মকর্তারা জানান। গত ৬ জুলাই বিএনপির ডাকা হরতালের সময় সংসদ ভবনের সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত হন ফারুক। এ সময় হারুন ছাড়াও মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার বিপ্লব সরকারও আহত হন বলে দাবি করে পুলিশ। অবশ্য বিএনপির পক্ষ থেকে ফারুকের ওপর হামলা ও তাকে পেটানোর অভিযোগে ওই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। অপর দিকে ফারুকের বিরুদ্ধে কাজে বাধা দেওয়ার অভিযোগে শেরেবাংলা নগর থানায় মামলা করেছে পুলিশ। গত ১৩ জুলাই রাতে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন বিএনপির প্রচার সম্পাদক ফারুক। এর আগে ইউনাইটেড হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিপৈার ডটকম/এলএইচ/এএল/জেকে/২২১৩ ঘ.