২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেটে শিশুদের বরাদ্দ'র যথাযথ বাস্তবায়ন নেই

শিশুদের কল্যাণে গত কয়েক বছর ধরে বাজেট বরাদ্দ বাড়লেও তা যথাযথভাবে বাস্তবায়ন না হওয়ায় সুবিধাবঞ্চিতরা এর সুফল পাচ্ছে না বলে মনে করছে বিশেষজ্ঞরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2011, 12:54 PM

Updated : 24 Aug 2022, 03:36 PM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিশুদের কল্যাণে গত কয়েক বছর ধরে বাজেট বরাদ্দ বাড়লেও তা যথাযথভাবে বাস্তবায়ন না হওয়ায় সুবিধাবঞ্চিতরা এর সুফল পাচ্ছে না বলে মনে করছে বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে শিশুদের জন্য বরাদ্দ: বাজেট ২০১১-১২ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তারা এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ এবং সেভ দ্য চিলড্রেন সুইডেন-ডেনমার্ক বৈঠকটি আয়োজন করে। এতে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক কাজী মারুফুল ইসলাম মূল প্রবন্ধ উপস্থাপন করেন। মারুফুল ইসলাম বলেন, "এদেশের মোট জনসংখ্যার ৪২ শতাংশ শিশু। এসব শিশুর কল্যাণে সরকার গত কয়েক বছর ধরে উল্লেখযোগ্যভাবে বাজেট বরাদ্দ দিয়ে আসছে। কিন্তু তার যথাযথ বাস্তবায়ন না হওয়ায় সুবিধাবঞ্চিত শিশুরা এর সুফল পাচ্ছে না।" তিনি বলেন, ২০১১-১২ অর্থবছরে ছয়টি মন্ত্রণালয় পৃথকভাবে শিশুদের জন্য বরাদ্দ রেখেছে। ওই বরাদ্দের পরিমাণ ৩২ হাজার ৩২ কোটি টাকা। ২০১০-১১ অর্থবছরের সংশোধিত বরাদ্দে তা ছিলো ২৮ হাজার ৭৯৭ কোটি টাকা। এছাড়া ওই মন্ত্রণালয়গুলোর অধীনে ২০০৯-১০ এবং ২০০৮-০৯ অর্থবছরে সংশোধিত বরাদ্দ ছিলো যথাক্রমে ২৫ হাজার ২শ ৪৩ কোটি টাকা এবং ২০ হাজার ৮৩৯ কোটি টাকা। মন্ত্রণালয়গুলো হচ্ছে- মহিলা ও শিশু বিষয়ক, প্রাথমিক ও গণশিক্ষা, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, সমাজকল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থান। শিশুদের অধিকার রক্ষায় সামাজিক নিরাপত্তা কর্মসূচিও বৃদ্ধি পেয়েছে জানিয়ে তিনি বলেন, এ কর্মসূচির আওতায় চলতি অর্থবছরে ৮২টি কর্মসূচি নিয়েছে সরকার। এরপরও শিশুশ্রম রোধসহ শিশুরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। একই বিভাগের অধ্যাপক মাহবুবউল্লাহ বলেন, আজকের শিশুরাই আগামী দিনের শ্রমবাজারে প্রবেশ করবে। এসব শিশুদের সঠিকভাবে গড়ে তুলতে না পারলে তাদের কাছ থেকে যথাযথ উৎপাদন পাওয়া যাবে না। এজন্য সরকারকে বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করার আহ্বান জানান তিনি। বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) পরিচালক (গবেষণা) বিনায়েক সেন বলেন, বাল্যবিবাহের কারণে যৌতুক দেওয়ার প্রবণতা বাড়ছে পাশাপাশি শিশু জম্মের হার বাড়ছে। এটি রোধ করতে হবে। বৈঠকে আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য রুবি রহমান, বাংলাদেশে সেভ দ্য চিলড্রেনের আবাসিক প্রতিনিধি বিরগিত লুণ্ডবাক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/আরএ/১৮৫২ ঘ.