২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৫ ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম এলাকা থেকে পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2011, 11:14 AM

Updated : 24 Aug 2022, 03:36 PM

চট্টগ্রাম, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম এলাকা থেকে পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- বাবুল মিয়া (৩২), মো. কামাল (৩৫), কামরুল ইসলাম (৩০), হুমায়ুন কবির (৪০) ও আবু বক্কর ছিদ্দিক ওরফে সুমন (২৮)। তাদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত একটি ওয়্যারল্যাস সেট, এক জোড়া হ্যান্ডকাফ, তিনটি বড় ছোরা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি সাদা রঙের মাইক্রোবাসও জব্দ করা হয়। মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তারকৃতরা নগরীর বিভিন্ন এলাকায় ডিবি ও র‌্যাব সদস্য পরিচয় দিয়ে ছিনতাই করে আসছিলো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তা স্বীকার করেছেন। বুধবার দুপুরে নেভাল এভিনিউ সড়কে ছিনতাইয়ের প্রস্তুতিকালে মাইক্রোবাসহ তাদের গ্রেপ্তার করার কথা জানান গোয়েন্দা পুলিশ কর্মকর্তা সদীপ। গত ২৯ জুন দুপুরে পুরাতন রেল স্টেশনের সামনে থেকে মো. আক্কাস নামে এক ব্যবসায়ীর কাছ থেকে গোয়েন্দা পুলিশের সদস্য পরিচয় দিয়ে দেড় লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে ওই ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় কোতোয়ালি থানায় নতুন করে পৃথক দুটি মামলা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/১৭০৯ ঘ.