চট্টগ্রাম, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড থানাধীন পন্থিছিলা এলাকায় কভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে তিন জন।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে অটোরিকশাটিকে বিপরীতমুখী কভার্ড ভ্যানটি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোরিকশার চালক সোহরাব হোসেন (২৮) ও যাত্রী স্বপন দাশ (৪২)। স্বপনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই সোহরাব মারা যান। তিনি সীতাকুণ্ড উপজেলার বাঁকখালি এলাকার নুরুল গণির ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই জামাল উদ্দিন জানান, রাত সাড়ে ১২টার দিকে স্বপনকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আহতদের সীতাকুণ্ডের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএ/১৩৪৬ ঘ.
bdnews24