২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরসরাই ট্রাজেডি: ট্রাকচালক মফিজ বরিশালে গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে দুর্ঘটনায় ৩৮ স্কুলছাত্রসহ ৪০ জনের মৃত্যুর জন্য যাকে দায়ী করা হচ্ছে, সেই ট্রাকচালক মফিজ উদ্দিন বরিশালে গ্রেপ্তার হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2011, 04:52 AM

Updated : 24 Aug 2022, 03:36 PM

বরিশাল, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মিরসরাইয়ে দুর্ঘটনায় ৩৮ স্কুলছাত্রসহ ৪০ জনের মৃত্যুর জন্য যাকে দায়ী করা হচ্ছে, সেই ট্রাকচালক মফিজ উদ্দিন বরিশালে গ্রেপ্তার হয়েছেন। দুর্ঘটনার নয় দিন পর বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সদর উপজেলায় কাউনিয়া থানা এলাকার একটি বাড়ি থেকে মফিজকে গ্রেপ্তার করা হয় বলে বরিশাল পুলিশ জানিয়েছে। কাউনিয়া থানার উপপরিদর্শক হেমায়েল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চরবাড়িয়া ইউনিয়নের বাটনা গ্রামের খাঁ বাড়িতে মফিজকে পাওয়া গেছে। সে ভাগ্নির শ্বশুরবাড়িতে লুকিয়ে ছিলো।" মিরসরাই পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী ওই বাড়িতে অভিযান চালায় কাউনিয়া পুলিশ। মিরসরাই থানার ওসি ইফতেখার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রামে মফিজের ভাগ্নির কাছ থেকে তার অবস্থান জানার পর তা কাউনিয়া থানায়কে বলা হয়। মফিজকে আনতে মিরসরাই পুলিশের একটি দল বরিশাল রওনা হয়েছে বলে তিনি জানান। গত ১১ জুলাইয়ের ওই দুর্ঘটনায় মফিজকে (৪৫) আসামি করে একটি মামলা হয়। মফিজের বাড়ি মিরসরাই উপজেলার মধ্যম মায়ানি ইউনিয়নের মোক্তারপাড়ায়। দুর্ঘটনার পরপরই গাঢাকা দেয় মফিজ। ওইদিনই মিরসরাই স্টেডিয়াম থেকে 'বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের' খেলা দেখে ফেরার সময় সৈদালী গ্রামে ট্রাকটি সড়কের পাশের ডোবায় উল্টে পড়ে। দুর্ঘটনায় বেঁচে যাওয়া আবু তোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এমরান, নিজাম উদ্দিন ও বোরহান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনার আগে মফিজ মোবাইল ফোনে কথা বলছিলেন। মায়ানি গ্রামের মোক্তার বাড়ি এলাকার বাসিন্দা কৃষক নুরুল আবছার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মফিজ মূলত চালকের সহকারী। মাঝেমাঝে তিনি গাড়ি চালায়। তবে তার কোনো লাইসেন্স নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমআই/১০৫০ ঘ.