২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আমরা কোথায় যাবো?'

লক্ষ্মীপুরের নুরুল ইসলাম হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড মওকুফ হওয়ায় নুরুল ইসলামের স্ত্রী রাশেদা ইসলাম নিজের অসহায়ত্ব প্রকাশ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2011, 03:59 PM

Updated : 24 Aug 2022, 03:35 PM

লক্ষ্মীপুর, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লক্ষ্মীপুরের নুরুল ইসলাম হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড মওকুফ হওয়ায় নুরুল ইসলামের স্ত্রী রাশেদা ইসলাম নিজের অসহায়ত্ব প্রকাশ করেছেন। তিনি বলেছেন, "মাননীয় রাষ্ট্রপতি চিহ্নিত খুনির সাজা মওকুফ করায় আমরা পুরো পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। এখন আমরা কোথায় যাবো?" রাশেদা ইসলাম বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাষ্ট্রপতির স্ত্রী একটি সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন। তিনি কী ভাবে একজন চিহ্নিত খুনির সাজা মওকুফ করেন?" ২০০০ সালের ১৮ সেপ্টেম্বর রাতে লক্ষ্মীপুর জেলা বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম জেলা শহরের মজুপুরের বাসা থেকে অপহৃত হন। পরদিন সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন জেলা আইনজীবি সমিতির তৎকালীন সভাপতি এইচ এম তারেক উদ্দীন মাহমুদ। পরবর্তীতে ২০০২ সালের ৩০ জুলাই লক্ষ্মীপুর পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা মো. আবু তাহের, তার স্ত্রী নাজমা তাহের ও তিন ছেলেসহ ৩১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। এরপর মামলা চট্টগ্রাম বিভাগীয় দ্রুতবিচার ট্রাইব্যুনালে স্থানান্তর হয়। ২০০৩ সালে মামলার রায়ে আবু তাহেরের ছেলে এ এইচ এম বিপ্লবের মৃত্যুদণ্ড হয়। বিপ্লব ছাড়াও আরো চারজনকে মৃত্যুদণ্ড ও নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল। বিপ্লব পলাতক ছিলেন। ২০১১ সালের ৪ এপ্রিল তিনি লক্ষ্মীপুর জেলা জজ আদালতে আত্মসমর্পন করেন। আবু তাহেরের আবেদনের পরিপ্রক্ষিতে বিপ্লবের সাজা মওকুফ করেন রাষ্ট্রপতি। ১৪ জুলাই বিপ্লব মৃত্যুদণ্ড থেকে রেহাই পান। এদিকে নুরুল ইসলামের হত্যাকারীর দণ্ড মওকুফ হওয়ায় লক্ষীপুরে বিএনপি নেতা-কর্মীরা হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রেীয় ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী বলেন, খুনের আসামিকে মদদ ও মুক্তি দেওয়া আইনের শাসনের প্রতি হুমকি। এ সমস্ত কারণে দেশে আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে। রাষ্ট্রপতির এ সিদ্ধান্তে হতাশা ও ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এর ফলে লক্ষ্মীপুরে আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাষ্ট্রপতির এই ক্ষমার মাধ্যমে বোঝা গেল আইনের শাসনের কোনো মূল্য নেই। বিপ্লবের ফাঁসির দণ্ড মওকুফ হওয়ার কাগজপত্র মঙ্গলবার লক্ষ্মীপুর জেলা কারাগার থেকে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। লক্ষ্মীপুর জেল সুপার নুরশেদ আহম্মদ ভূইয়ার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল এ এইচ এম বিপ্লবের ফাঁসির দণ্ডাদেশ দেয়। এর পরিপ্রেক্ষিতে বিপ্লবের বাবা আবু তাহের ছেলের প্রাণভিক্ষার আবেদন করলে মহামান্য রাষ্ট্রপতি 'মৃত্যুদণ্ড মওকুফ করা হলো' লিখে স্বাক্ষর করেন। তাই ১৪ জুলাই বিপ্লব মৃত্যুদণ্ড থেকে খালাস পেয়েছেন। বিপ্লব বর্তমানে অপর দুটি হত্যা মামলায় (ছাত্রদল নেতা কামাল ও শিবির নেতা মহসীন) যাবজ্জীবন কারাদণ্ডের আসামি হিসেবে লক্ষ্মীপুর জেলা কারাগারে আটক রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/কেএমএস/২১৩৯ ঘ.