২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মিরসরাই ট্রাজেডি: অনুদান পেল হতাহতের পরিবার

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতের পরিবারকে শিক্ষা মন্ত্রণালয় ঘোষিত অনুদানের অর্থ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2011, 02:49 PM

Updated : 24 Aug 2022, 03:35 PM

চট্টগ্রাম, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতের পরিবারকে শিক্ষা মন্ত্রণালয় ঘোষিত অনুদানের অর্থ দেওয়া হয়েছে। বুধবার দুপুরে আবু তোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানে শিক্ষা সচিব ড. কামাল আবদুল নাছের চেক তুলে দেন। গত ১২ জুলাই নিহতের পরিবারকে ২৫ হাজার এবং আহতের পরিবারকে পাঁচ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তবে মঙ্গলবার আহতের পরিবারকে ১০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়। ১১ জুলাই স্কুলছাত্রদের বহনকারী মিনি ট্রাক উল্টে ডোবায় পড়ে ৩৯ জনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরো একজন। এদের মধ্যে ৩৮ জন স্কুলছাত্র। তারা সবাই মিরসরাই স্টেডিয়াম থেকে খেলা দেখে ফিরছিলো। এ ছাড়া সন্তানের মৃত্যুর খবর শুনে মারা যান অজিত চন্দ্র দাশ। তার পরিবারকেও ২৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়। শিক্ষামন্ত্রীর নির্দেশে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের নিজস্ব তহবিল থেকে এসব অর্থ দেওয়া হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বোর্ডের উপ-সচিব মাহবুব হাসান। অনুষ্ঠানে আবু তোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৬০ লাখ টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণ করার ঘোষণা দেন শিক্ষা সচিব। পাশাপাশি আসবাবপত্র, লাইব্রেরিসহ অন্যান্য খাতে সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি। পরে শিক্ষা সচিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাদেশে তিন হাজার বিদ্যালয় নির্মাণ প্রকল্পের অধীনে এ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে ৬০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/এএল/২০৪৭ ঘ.