২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদোন্নতি নীতিমালা শিথিলের ইঙ্গিত প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারি কর্মকর্তাদের পদোন্নতি নীতিমালা প্রয়োজনে আরো শিথিল করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2011, 08:07 AM

Updated : 24 Aug 2022, 03:36 PM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারি কর্মকর্তাদের পদোন্নতি নীতিমালা প্রয়োজনে আরো শিথিল করা হবে। তিনি বলেছেন, "দীর্ঘদিন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ে পদোন্নতি ও শূন্য পদে নিয়োগ বন্ধ ছিলো। সেই জট আমরা খুলে দিচ্ছি। শুধু এখানেই নয়, সব মন্ত্রণালয়ে পদোন্নতিতে দরকার হলে আমরা নিয়ম কিছুটা শিথিল করবো।" ওসমানী স্মৃতি মিলনায়তনে বুধবার সকালে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন। 'নিরাপদ মাছে ভরব দেশ, বদলে দেব বাংলাদেশ' প্রতিপাদ্য নিয়ে বুধবার থেকে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য উৎপাদন, চাষ ও রপ্তানিতে বিশেষ ভূমিকার রাখার জন্য পাঁচটি প্রতিষ্ঠানকে স্বর্ণ ও ১১টি প্রতিষ্ঠানকে রৌপ্য পদক দেওয়া হয়। দারিদ্র্য বিমোচনে মৎস্যখাতের ওপর নজর দিতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, নগরায়নের এ যুগে জলাশয় হারিয়ে যাচ্ছে। আমরা আধুনিক হচ্ছি, শিল্প ও কল-কারখানার বাড়ছে, উৎপাদন বাড়ছে। আর, বর্জ্য গিয়ে পড়ছে নদীতে। এতে মৎস্য উৎপাদনে ক্ষতি হচ্ছে। মৎস্যচাষে যুবকদের এগিয়ে আসার আহ্বান জানান হাসিনা। প্রকৃত মৎস্যজীবীদের সরকারি বিভিন্ন সুবিধা পাওয়া নিশ্চিত করতে তাদের পরিচয়পত্র দেওয়ার বিষয়টিও উল্লেখ করেন তিনি। মৎস্যজাত খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে ঢাকা ও সাতক্ষীরায় দুটি গবেষণাগার প্রতিষ্ঠার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, "চিংড়ির মান সঠিক আছে কিনা- তা এখন আমরা দেশে বসেই ঠিক করতে পারবো। বিদেশে আমাদের বিব্রতকর অবস্থায় পড়তে হবে না।" প্রবাসীদের কথা ভেবে সহজে রান্নার মতো করে মাছ রপ্তানি করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। মাছের উৎপাদন ও রপ্তানি বাড়িয়ে বিদেশি মুদ্রার ভাণ্ডার আরো সমৃদ্ধ করার ওপরও জোর দেন তিনি। ইলিশের উৎপাদন বৃদ্ধিতে সরকার নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে হাসিনা বলেন, "আমাদের নীতি হলো- জাল যার, জলা তার।" মৎস্য অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য এবং উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, জাতীয় উৎপাদনের ৩ দশমিক ৭৪ শতাংশ এবং রপ্তানি আয়ের ২ দশমিক ৭০ শতাংশ আসে মৎস্য খাত থেকে। গত অর্থবছরে ৯৬ হাজার টন মাছ ও মৎস্যজাত পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৪ হাজার ৬০৩ কোটি টাকা। এর বেশিরভাগ এসেছে চিংড়ি রপ্তানি থেকে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, "গ্রামের কোনো ছেলে আলসেমি না করালে তার কাজের অভাব নেই। সে শহরে রিকশা না চালিয়ে গ্রামে মৎস্য চাষের সঙ্গে সম্পৃক্ত হতে পারে।" হাওর অঞ্চলের চিতলের মতো বড় আকারের মাছেও উৎপাদন অব্যাহত রাখতে মৎস্য কর্মকর্তাদের নজর দিতে বলেছেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক দেশের অভাবি মানুষের খাদ্য নিরাপত্তায় নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। রেণু উৎপাদনে বিশেষ অবদানের জন্য ঝলক মৎস্য প্রজনন কেন্দ্র, রপ্তানিতে বিশেষ অবদানের জন্য কুলিয়াচর সি ফুড লিমিটেড, উৎপাদনে বিশেষ অবদানের জন্য আফিল অ্যাকোয়া লিমিটেডসহ পাঁচটি প্রতিষ্ঠানকে অনুষ্ঠানে স্বর্ণপদক দেওয়া হয়। নিরিবিলি পল্লী হ্যাচারি, মাম্মী মৎস্য হ্যাচারি, মহালক্ষী মৎস্য হ্যাচারি, দেশবন্ধু হ্যাচারি, কে কে মৎস্য ডেইরি ও হ্যাচারি, বিসমিল্লাহ মৎস্য বীজ ও খামার, জি ই মৎস্য খামার এবং জাটকা সংরক্ষণে বিশেষ অবদানের জন্য চাঁদপুর জেলা প্রশাসনসহ ১১ প্রতিষ্ঠান ও উদ্যোক্তাকে রৌপ্য পদক দেওয়া হয়। মৎস্য ও প্রাণীসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব উজ্জ্বল বিকাশ দত্ত, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মাহবুবুর রহমান খান প্রমুখ। অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী গণভবনে ফিরে গণভবনের লেকে মাছের ৫ হাজার ২০০টি পোনা অবমুক্ত করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৪২০ ঘ.