২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিআইবির অনলাইন সেবা চালু

বাণিজ্যিক ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য অনলাইন সেবা চালু করেছে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2011, 06:23 PM

Updated : 24 Aug 2022, 03:35 PM

ঢাকা, ১৯ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাণিজ্যিক ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য অনলাইন সেবা চালু করেছে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি)। মঙ্গলবার বিকেলে রাজধানীর রূপসী বাংলা হোটেলে গভর্নর ড. আতিউর রহমান এই অনলাইন সেবার উদ্বোধন করেন। অনুষ্ঠানে গভর্নর বলেন, বর্তমানে ব্যাংক খাতে ঋণগ্রহীতার সংখ্যা প্রায় সাড়ে ৯২ লাখ। এই বিপুল সংখ্যক ঋণগ্রহীতার তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও চাহিদা অনুযায়ী তা সরবরাহ করা খুবই কঠিন কাজ। পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা বাড়তে থাকায় সিআইবির কার্যপরিধিও ক্রমাগত বাড়ছে। এই পরিস্থিতিতে সিআইবির বিদ্যমান জনবলের পক্ষে নির্দিষ্ট সময়ে ঋণ প্রতিবেদন দেওয়া কঠিন হয়ে পড়েছিল উল্লেখ করে গভর্নর বলেন, পল্লী ও শহরের দরিদ্র জনগোষ্ঠিসহ সব শ্রেণীর গ্রাহকের কাছে দ্রুততম সময়ে আর্থিক সেবা পৌঁছে দেওয়ার জন্য এই উদ্যোগ নিঃসন্দেহে চ্যালেঞ্জিং ও তাৎপর্যপূর্ণ। তিনি জানান, এখন থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের নিজ নিজ সাইট থেকে ঋণের তথ্য সিআইবি ডাটাবেইজে সরাসরি পাঠাতে এবং সিআইবির প্রতিবেদন সংগ্রহ করতে পারবে। এতে করে ঋণ আবেদন নিষ্পত্তির কাজ দ্রুততর হবে। আইএফসি ও ডিএফআইডির সঙ্গে যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক এই অনলাইন সেবা চালু করেছে বলে অনুষ্ঠানে জানানো হয়। অন্যদের মধ্যে ডিএফআইডির বাজার উন্নয়ন উপদেষ্টা ক্যাথরিন মার্টন, আইএফসির দক্ষিণ এশিয়া বিষয়ক উপদেষ্টা ইয়ান ক্রসবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/জেকে/০০১৭ ঘ.