গাজীপুর, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, নতুন
শিক্ষানীতি দলীয় কিছু নয়। সকলের মতামত নিয়েই এটা প্রণয়ন করা হয়েছে।
তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে মৌলিক ও গুনগত পরিবর্তন আনতে চাই। এজন্য নতুন শিক্ষানীতি প্রণয়ন করেছি।
মঙ্গলবার বিকালে গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাহিদ বলেন, শিক্ষার্থীদের মাঝে নৈতিকতার জাগরণ ঘটাতে হবে। নতুন প্রজন্মই পারে দেশকে বদলে দিতে। এ জন্য তাদেরকে যুগোপযোগী শিক্ষা লাভ করতে হবে।
বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করতে আমাদেরকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় জোর দিতে হবে।
ডুয়েটের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সবদার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আকম মোজাম্মেল হক, ডুয়েটের ডীন অধ্যাপক ড. শওকত ওসমান, অধ্যাপক গণেশ চন্দ্র সাহা, ছাত্রকল্যাণ পরিচালক আবু নঈম শেখ।
এর আগে শিক্ষামন্ত্রী ডুয়েটে ডিজিটাল লাইব্রেরি ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০৫৫ ঘ.
bdnews24