ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদমশুমারিতে প্রকাশিত জনসংখ্যার তথ্য নিয়ে সংশয় প্রকাশ করেছেন কয়েকজন সংসদ সদস্য। তারা বলছেন, তারা নিজেরাও আদমশুরারির গণনা থেকে বাদ পড়েছেন।
জাতীয় সংসদ ভবনে মঙ্গলবার এক অনুষ্ঠানে গত ১৬ জুলাই প্রকাশিত আদমশুরারি কতটা তথ্য নির্ভর তা নিয়ে সংশয় প্রকাশ করেন সংসদ সদস্য এস কে আবু বাকের।
আদমশুমারি অনুযায়ী দেশে এখন জনসংখ্যা ১৪ কোটি ২৩ লাখ- এ কথা উল্লেখ করে এ সাংসদ বলেন, তার বাড়ির সবাই গণনাভুক্ত হননি।
তার পাঁচতলা বাড়ির নিচতলা ছাড়া অন্য কোনো তলায় আদমশুরারি তথ্য গ্রহণকারী যাননি বলে জানান সাংসদ আবু বাকের।
"যথাযথভাবে প্রশিক্ষিত না হওয়ায় তিনি আমার পরিবারের সদস্যদের তথ্যও সঠিকভাবে নিতে পারছিলেন না। আমাকেই তথ্য লিখে দিতে হয়েছে।"
সাংসদ তারানা হালিম জানান, তিনি আদমশুমারিতে তালিকাভুক্ত হননি।
"আমার বাড়িতেও আদমশুমারির কোনো লোক যায়নি। জানতে পেরেছি আদমশুমারির তথ্য যাচাইয়ের জন্য বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানকে সেপ্টেম্বরে কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। আশা করি সে সময় তালিকাভুক্ত হওয়ার সুযোগ পাব।"
আওয়ামী লীগের আরেক সাংসদ শাহরিয়ার আলম জানান, তিনিও গণনা থেকে বাদ পড়েছেন।
মঙ্গলবার 'বাংলাদেশে জনসংখ্যা ও পরিবার পরিকল্পনা কর্মসূচি জোরদারকরণে বাজেট বরাদ্দ' শীর্ষক পলিসি ডায়ালগে সাংসদরা এ কথা বলেন।
জাতীয় সংসদের শপথ কক্ষে জাতীয় সংসদ ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) যৌথ উদ্যোগে এ আলোচনা অনুষ্টিত হয়।
বাংলাদেশে পঞ্চম আদমশুমারির প্রাথমিক ফলে দেখা গেছে, ১৫ মার্চ পর্যন্ত বাংলাদেশের জনসংখ্যা ১৪ কোটি ২৩ লাখ ১৯ হাজার।
প্রকৃত জনসংখ্যা নিরূপণ না হলে দেশের খাদ্য নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
তারানা হালিম বলেন, জনসংখ্যা নিয়ন্ত্রণে ভালোভাবে উব্ধুদ্ধকরণ কর্মসূচি পরিচালিত হতেও দেখা যাচ্ছে না।
পরিসংখ্যান ঠিক না হলে পরিকল্পনা কীভাবে হবে- এ প্রশ্ন তুলে শাহরিয়ার আলম বলেন, "প্রতিবার আদমশুমারির পর দেখা যায় আনুপাতিক হারে জনসংখ্যা বাড়ছে। এই হিসাবটা কতখানি সঠিক তাও আমাদের ভেবে দেখতে হবে।"
ডায়ালগে সংসদ-সদস্যরা বাংলাদেশের জনসংখ্যা ও পরিবার পরিকল্পনা কর্মসূচির ব্যাপারে তাদের মতামত তুলে ধরেন।
সংসদ সদস্য এস কে আবু বাকেরের সঞ্চালনায় আলোচনায় আরো অংশ অংশ নেন আওয়ামী লীগের সংসদ সদস্য মোহাম্মদ আমানউল্লাহ, মুরাদ হাসান, আবু জাহির, মমতাজ বেগম, শাহীন মনোয়ারা হক, জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু, নূর-ই-হাসনা লিলি চৌধুরী এবং জাসদের সংসদ সদস্য শাহ জিকরুল আহমেদ।
সংসদ সচিব আশফাক হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংসদের উপসচিব ওয়াহিদুল ইসলাম খান, মূল প্রবন্ধ উপস্থাপন করেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থনৈতিক পরামর্শক এম এ মমিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০৫৮ ঘ.
bdnews24