চট্টগ্রাম, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটিয়া উপজেলার কচুয়া এলাকায় সিএনজি অটোরিকশা ছিনতাই করে পালানোর সময় গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত ও একজন গুরুতর আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সোমবার রাত ১১টার দিকে গণপিটুনির ঘটনায় নিহত হন মফিজুর রহমান (২৩)। আহত হন মো. ফারুক (২২)।
নিহত মফিজুর রহমান আনোয়ার উপজেলার পিরখাইন এলাকার ফজলুল হকের ছেলে। আহত ফারুক একই এলাকার আবদুস শুক্কুরের ছেলে।
পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবু নাছের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি সিএনজি অটোরিকশা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় জনতার পিটুনিতে একজন নিহত ও অন্যজন আহত হন।
ঘটনার বর্ণনা দিয়ে এসআই আবু নাছের জানান, তিনজন ছিনতাইকারী চন্দনাইশ উপজেলার মহাজন ঘাটা এলাকা থেকে উপজেলার সুচিয়া এলাকায় যাবে বলে অটোরিকশাটি ভাড়া করে ।
"ওই এলাকায় পৌঁছানোর পর চালককে মারধর করে রাস্তার পাশে ফেলে তারা অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা তাদের ধাওয়া করে পটিয়া উপজেলার ফারুকি পাড়া এলাকায় ধরে ফেলে।"
আবু নাছের জানান, এ ঘটনায় পটিয়া থানায় একটি হত্যা মামলা ও চন্দনাইশ থানায় একটি ছিনতাই মামলা দায়ের করা হয়েছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ- পরিদর্শক (এসআই) জামাল উদ্দিন জানান, গণপিটুনিতে আহত ফারুক ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/১৮৫৯ ঘ.
bdnews24