২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াই বছরে মন্ত্রিসভার ৮৯ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়ন

বর্তমান মহাজোট সরকারের আড়াই বছরে মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্তের ৮৯ শতাংশই বাস্তবায়ন হয়েছে, যা বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের একই সময়ের বাস্তবায়ন হারের তুলনায় বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2011, 12:49 PM

Updated : 24 Aug 2022, 03:35 PM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান মহাজোট সরকারের আড়াই বছরে মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্তের ৮৯ শতাংশই বাস্তবায়ন হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেছেন, এই হার বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের প্রথম আড়াই বছরের তুলনায় বেশি। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, বিএনপি-জামায়াত জোট সরকারের প্রথম আড়াই বছরে মন্ত্রিসভার ৭২ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছিল। মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন বিষয়ে ২০১১ সালের দ্বিতীয় ত্রৈমাসিক (এপ্রিল-জুন) প্রতিবেদন মঙ্গলবারের বৈঠকে অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে ওই বৈঠকের পর প্রতিবেদন সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত জানান আবুল কালাম আজাদ। তিনি বলেন, গত আড়াই বছরে মন্ত্রিসভার ১১৭টি বৈঠকে নেওয়া ৭৪৯টি সিদ্ধান্তের মধ্যে ৬৭০টি বাস্তবায়ন করা হয়েছে। অর্থাৎ, সিদ্ধান্ত বাস্তবায়নের হার প্রায় ৮৯ শতাংশ। চারদলীয় জোট সরকারের একই সময়ে মন্ত্রিসভার ১১০টি বৈঠকে নেওয়া ৪০৩টি সিদ্ধান্তের মধ্যে ২৯০টি বাস্তবায়িত হয়। এই হিসাবে সে সময় সিদ্ধান্ত বাস্তবায়নের হার ছিল ৭২ শতাংশ। ২০০৯ সালে মন্ত্রিসভার ৫০টি বৈঠকে ৩১৬টি সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে ৩০৩টির বাস্তবায়ন হয়। সরকারের দ্বিতীয় বছর ২০১০ সালে ৪৫টি বৈঠকে নেওয়া ৩১১টি সিদ্ধান্তের মধ্যে ২৮৩টি বাস্তবায়িত হয়। আর চলতি বছরের প্রথম ছয় মাসে নেওয়া ১২২টি সিদ্ধান্তের মধ্যে বাস্তবায়িত হয়েছে ৮৪টি, প্রক্রিয়াধীন আছে ৩৮টি। আজাদ জানান, ২০০৯ এর জানুয়ারি থেকে ২০১১ এর জুন পর্যন্ত মোট ২৪টি কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। সরকার ৫৭টি আন্তর্জাতিক চুক্তি ও অনুসমর্থনে স্বাক্ষর করেছে। এই সময়ে সংসদে ১৪৪টি আইন পাস হয়েছে এবং ২৪টি প্রক্রিয়াধীন আছে। অন্যদিকে ২০০১ সালের জুলাই থেকে চার দলীয় জোট সরকারের প্রথম আড়াই বছরে ৯টি কর্মপরিকল্পনা নেওয়া হয়, চুক্তি হয় ৩১টি। আর আইন পাস হয় মোট ৯০টি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের শুরুতেই মিরসরাইয়ের সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। ১১ জুলাই ওই দুর্ঘটনায় ৩৮ স্কুল ছাত্রসহ ৪০ জনের মৃত্যুতে শোক প্রকাশ করে বৈঠকে বলা হয়, একসঙ্গে এতগুলো সম্ভাবনাময় ও তাজা প্রাণের বেদনাদায়ক পরিসমাপ্তিতে দেশবাসীর সঙ্গে মন্ত্রিসভাও গভীরভাবে শোকাহত। আজাদ সাংবাদিকদের জানান, ওই ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে প্রধানন্ত্রীর তরফ থেকে এক লাখ টাকাসহ সরকারিভাবে মোট তিন লাখ দশ হাজার টাকা দেওয়া হয়েছে। আর, আহতদের প্রত্যেককে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও স্থানীয় সাংসদরাও বিভিন্নভাবে সহায়তা দিয়েছেন। বাংলাদেশ ও কুয়েতের মধ্যে স্বাক্ষরিত 'এগ্রিমেন্ট ফর ইকোনমিক এন্ড টেকনিক্যাল কো-অপারেশন' শীর্ষক চুক্তিতে অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করা হয় মঙ্গলবারের বৈঠকে। এছাড়া চলতি বছরের ১৩ জুন মালদ্বীপে অনুষ্ঠিত সাফটা (সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া) মিনিস্টিরিয়াল কাউন্সিলের পঞ্চম সভার ফলাফল; ১৬ ও ১৭ মে সুইজারলান্ডের জেনেভায় ৬৪তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলন ও ষোড়শ বিশ্ব আবহাওয়া কংগ্রেসের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদের অংশগ্রহণ, ২৫ ও ২৬ মে ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে অনুষ্ঠিত 'উইমেনস এমপাওয়ারমেন্ট এন্ড জেন্ডার ইকুয়ালিটি' শীর্ষক প্যানেল আলোচনায় বাংলাদেশের প্রতিনিধিদলের অংশগ্রহণ এবং ২২ থেকে ২৭ মে প্যারিসে ওআইই বিশ্ব সম্মেলনের ৭৯তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিদলের অংশগ্রহণের বিষয়ে মন্ত্রিসভাকে অবহিত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১৮৪৭ ঘ.