ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাছের ফরমালিন পরীক্ষায় দেশের প্রত্যেক উপজেলায় ফরমালিন পরীক্ষার যন্ত্র এবং ওষুধ সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও পশুসম্পদমন্ত্রী।
মঙ্গলবার মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস এক সংবাদ সম্মেলনে বলেন, এ কাজ বাস্তবায়নে ইতোমধ্যে সাত কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
"উপজেলা পর্যায়ের কর্মকর্তারা বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ফরমালিন পরীক্ষা করবেন। এতে কোনো ত্র"টি পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ফলে সাধারণ মানুষ নিরাপদ মাছ পাবে।"
বুধবার থেকে ২৬ জুলাই পর্যন্ত দেশে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে রাজধানীর মৎস্য ভবনে এ সংবাদ সম্মেলন হয়। 'নিরাপদ মাছে ভরবো দেশ, বদলে দেব বাংলাদেশ' স্লোগানে এবারের জাতীয় মৎস্য সপ্তাহ পালন হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পরে তিনি তার সরকারি বাসভবন গণভবন পুকুরে মাছের পোনা ছাড়বেন।
বিভিন্ন নদী ও জলাশয়ে দেশীয় মাছের সংকটের কথা স্বীকার করেন মন্ত্রী বলেন, অবাধে জলাশয় শুকিয়ে ফেলা এবং রাসায়নিকের ব্যবহারের কারণে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের সংকট দেখা দিয়েছে। তবে বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউট (বিএফআরআই) গবেষণার মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ উৎপাদন ও চাষে পদক্ষেপ নিয়েছে। ভবিষ্যতে দেশে আবারো দেশীয় এসব মাছ পাওয়া যাবে।
বাংলাদেশের সমুদ্রসীমায় প্রাকৃতিক মাছের মজুদ জরিপের জন্য জরিপ জাহাজ কেনার দরপত্র আহ্বান করা হচ্ছে বলে জানান মন্ত্রী।
বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) মামলার কারণে চিংড়ি নীতিমালা চূড়ান্ত হওয়ার পরও সরকার ঘোষণা করতে পারেনি বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, তবে বর্তমানে আবারো এটি প্রণয়নের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। স্বল্পতম সময়ের মধ্যেই এটি ঘোষণা করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৮৪০ ঘ.
bdnews24