নাটোর, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনার প্রতিবাদকারী নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর কলেজের শিক্ষক মিজানুর রশিদ হত্যা মামলায় আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে।
মঙ্গলবার নাটোরের একটি আদালতে আসামি মামুনুর রশিদ ওরফে আসিফ ও আব্দুল আওয়াল ওরফে রাজনের বিরুদ্ধে ইভটিজিং ও হত্যার অভিযোগ গঠন করা হয় বলে জানান মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী।
লোকমানপুর কলেজের এক ছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় গত বছর ১২ অক্টোবর ওই কলেজের রসায়ন বিভাগের শিক্ষক মিজানুর রশিদকে আসামিরা মোটরসাইকেল চাপা দেয় ও রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।
এর দুদিন পর ১৪ অক্টোবর মিজানুরের ভাই মামনুর রশীদ এ ঘটনায় আসিফ ও নজরুলের বিরুদ্ধে অভিযোগ এনে থানায় একটি মামলা দায়ের করেন।
আহত মিজানুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দশ দিন পর মৃত্যুবরণ করেন। এই ঘটনা তখন পত্র-পত্রিকায় ফলাও করে প্রকাশিত হয় এবং সারাদেশে আলোড়ন সৃষ্টি হয়।
সরকার পক্ষের আইনজীবী আব্দুল হাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার দুপুরে নাটোরের অতিরিক্ত দায়রা জজ আদালতে মিজানুর হত্যা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হয়।
আসামি আসিফ ও নজরুলের উপস্থিতিতে শুনানি শেষে বিচারক দিলীপ কুমার দেবনাথ তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। শুনানিতে এ দুজন নিজেদের নির্দোষ দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৮০৩ ঘ.
bdnews24