২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতাদের আয়নায় মুখ দেখতে বললেন কামরুল

আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা নিয়ে মিথ্যাচার বন্ধ করে আয়নায় নিজেদের চেহারা দেখার জন্য বিএনপি নেতাদের পরামর্শ দিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2011, 03:29 PM

Updated : 24 Aug 2022, 03:35 PM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা নিয়ে মিথ্যাচার বন্ধ করে আয়নায় নিজেদের চেহারা দেখার জন্য বিএনপি নেতাদের পরামর্শ দিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। সোমবার জাতীয় প্রেসক্লাবে স্বেচ্ছাসেবী সংগঠন '২১ আগস্ট বাংলাদেশ' আয়োজিত এক আলোচনা সভায় আইন প্রতিমন্ত্রী বলেন, চরদলীয় জোট সরকারের সময়ে ঘটা প্রতিটি বোমা হামলার পর মিথ্যচারের মাধ্যমে ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা হয়েছে। পরে দেখা গেছে, এসব ঘটনা ঘটিয়েছে ওই সরকারের মদদপুষ্ট জঙ্গিরা। "তারা তখন মিথ্যাচার করেছে। আর এখন বলছে, বর্তমান সরকার প্রতিহিংসাপরায়ণ হয়ে মামলা দিচ্ছে। তাদের নিজেদের চেহারা আয়নায় দেখা উচিৎ।" ২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় দলের কেন্দ্রীয় নেত্রী আইভী রহমানসহ ২৪ জন নিহত এবং কয়েকশ' আহত হন। ওই ঘটনায় একটি হত্যা ও একটি বিস্ফোরক মামলার সম্পূরক অভিযোগপত্রে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে আসামি করা হয়েছে। দুটি মামলাতেই তারেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির নেতারা বলে আসছেন, সরকার ষড়যন্ত্রমূলকভাবে তারেককে ওই মামলায় জড়াচ্ছে। রোববার এক অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারকে হুঁশিয়ার করে ফখরুল বলেন, "এভাবে জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। দেশের জনগণ ওই ষড়যন্ত্রের জবাব দেবে।" এর জবাবে আইন প্রতিমন্ত্রী কামরুল সোমবার বলেন, "পটুয়া কামরুল সাবেক রাষ্ট্রপতি এরশাদকে বিশ্ব বেহায়া বলেছিলেন। তিনি বেঁচে থাকলে মওদুদ ও মীর্জা ফখরুলকে বলতেন মহা বিশ্ব বেহায়া।" তারেক রহমান হাওয়া ভবনে বসে বৈঠক করে ২১ অগাস্টের হামলার পরিকল্পনা করেছে অভিযোগ করে কামরুল বলেন, "এখন সত্যি নামগুলো বেরিয়ে আসছে বলেই সম্পূরক চার্জশিট দেওয়া হয়েছে। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এদের বিচার দ্রুত করা দরকার।" স্বরাষ্ট্রমন্ত্রী সাহার খাতুন বলেন, "ওই গ্রেনেড হামলার উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধু কন্যাকে (শেখ হাসিনা) হত্যা করা। সারা দেশে বিচারের দাবি উঠেছে। ইতোমধ্যে বিচারের কাজ শুরু হয়েছে।" বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা হবে বলেও উল্লেখ করেন তিনি। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। ওই ঘটনার চূড়ান্ত বিচারে মৃত্যুদণ্ড পাওয়া ১২ আসামির মধ্যে খন্দকার আবদুর রশিদ, শরিফুল হক ডালিম, এ এম রাশেদ চৌধুরী, এস এইচ বি এম নূর চৌধুরী, রিসালদার মোসলেমউদ্দিন ও আব্দুল মাজেদ পলাতক আছেন। ২১ অগাস্ট গ্রেনেড হামলার জন্য দায়ীদের বিচার এবং আহত ও নিহতদের পরিবারের পুনর্বাসনের দাবিতে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আআমস আরেফিন সিদ্দিক। অন্যদের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক আলোচনায় অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/জেকে/২১২৭ ঘ.