নওগাঁ, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মজুরি নিয়ে শ্রমিকদের সঙ্গে ঠিকাদারের বিরোধের জেরে চারদিন ধরে বগুড়ার সান্তাহারের বাফার স্টক গুদাম থেকে নওগাঁর ১১ উপজেলায় ইউরিয়া সার সরবরাহ বন্ধ রয়েছে।
মুজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকরা গত শুক্রবার থেকে সার তোলার কাজ বন্ধ করে দেয়। সোমবারও তা অব্যাহত থাকে।
এনিয়ে উত্তেজনা দেখা দেওয়ায় গুদাম এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে সার সরবরাহ ও উত্তোলন বন্ধ থাকায় আমন চাষের শুরুতেই নওগাঁয় ইউরিয়া সারের সঙ্কট দেখা দেওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন নওগাঁ জেলা শাখা সভাপতি মো. রফিকুল ইসলাম রফিক জানান, সান্তাহার বাফার গুদাম থেকে ডিলারদের মাধ্যেমে নওগাঁর ১১টি উপজেলায় ইউরিয়া সার সরবরাহ করা হয়। ট্রেন থেকে গুদামে এবং গুদাম থেকে ডিলারদের কাছে সার পরিবহনের জন্য প্রতিবছর দরপত্রের মাধ্যেমে ঠিকাদার নিয়োগ করে বিসিআইসি।
এ বছর ১ জুলাই থেকে এ কাজ পায় মেসার্স মণ্ডল এন্টারপ্রাইজ নামের ঠিকাদারী প্রতিষ্ঠান। এর আগে কাজটি করেছে স্থানীয় রাজা এন্টারপ্রাইজ।
নতুন ঠিকাদারের প্রতিনিধি আব্দুস সাত্তার জানান, আগের ঠিকাদার প্রতি মেট্টিক টন সার বোঝাইয়ের জন্য মজুরি দিত ২০ টাকা করে। কিন্তু এবার শ্রমিকরা দাবি করছে ৩০ টাকা।
এ নিয়ে সমঝোতা না হলেও ১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত শ্রমিকরা আগের দরে কাজ করে।
শুক্রবার (১৫ জুলাই) তারা ঠিকাদারকে জানিয়ে দেয় মজুরির বিষয়টির সমাধান না হলে তারা সার কাজ করবে না।
এর পরিপ্রেক্ষিতে রোববার বেলা ১১ টার দিকে ঠিকাদার গুদামে নিজস্ব ১৩ জন শ্রমিক নিয়ে কাজ করাতে চাইলে স্থানীয় শ্রমিকদের চাপে তারা চলে যায়।
এ নিয়ে উত্তেজনা দেখা দিলে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
গুদামে সার নিতে আসা নওগাঁর ডিলার রনজিৎ কুমার বলেন, ভরা আমন মৌসুমে ইউরিয়া সারের ব্যাপক চাহিদা রয়েছে। সার উত্তোলন সমস্যার কারণে কৃষকদের মাঝে সার সরবরাহ ব্যাহত হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে এলাকায় সার সঙ্কট দেখা দিতে পারে।
বাফার গুদাম ইনচার্জ নবির উদ্দীন খান বলেন, সমস্যাটির সমাধানের জন্য বিষয়টি নওগাঁ জেলা প্রশাসক ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসিকে) কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২৫ ঘ.
bdnews24