২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানী ও আশপাশে দেড় বছরে পিটুনিতে নিহত ২৩

রাজধানী ও এর আশপাশে দেড় বছরে গণপিটুনিতে অন্তত ২৩ যুবক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2011, 02:17 PM

Updated : 24 Aug 2022, 03:35 PM

কামাল হোসেন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী ও এর আশপাশে দেড় বছরে গণপিটুনিতে অন্তত ২৩ যুবক নিহত হয়েছেন। সর্বশেষ সাভারে ছয়জনসহ রাজধানীর কদমতলীতে পাঁচজন, যাত্রাবাড়িতে ও কাফরুলে একজন করে ও কেরানীগঞ্জে অন্তত নয়জনকে পিটিয়ে হত্যা করা হয়। কমতলীর থানার রায়েরবাগ খানকা শরীফ সড়কের হাবিব নগর এলাকায় ৫ নভেম্বর ডাকাত সন্দেহে গণপিটুনিতে পাঁচজন নিহত হন। পুলিশের ওয়ারি বিভাগের উপ-কমিশনার মোজ্জামেল হক পাঁচ যুবক নিহত হওয়ার ঘটনাকে 'ব্যক্তিগত সুরক্ষার অধিকার' (রাইটস অব প্রাইভেট ডিফেন্স) হিসেবে অভিহিত করেছিলেন। ওইদিন তিনি দুপুর সাড়ে ১২টার দিকে ওই এলাকায় পরিদর্শনে গেলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "এটা একটি সামাজিক প্রতিরোধ। জনতা অতিষ্ঠ হয়ে এ ঘটনা ঘটিয়েছে। "এটা আইন হাতে নেওয়া নয়। জনতাকে ডাকাতরা আঘাত করেছে, তারা প্রতিকার নিতে গিয়ে এ হতাহতের ঘটনা।" এদিকে, সাভারের আমিনবাজারে গণপিটুনিতে ছয় যুবকের মৃত্যুর ঘটনাকে 'সম্পদ সুরক্ষার অধিকার' ('রাইটস অব প্রপারটি ডিফেন্স') হিসেবে উল্লেখ করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম। সোমবার ভোররাতে ডাকাত সন্দেহে বড়দেশী এলাকার কেবলার চরে স্থানীয়দের পিটুনিতে ছয় ছাত্র নিহত হন। ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর স্বজনরা লাশ সনাক্ত করে। 'মানুষ বেশি, বিবেচনাও কম' শহরতলীতে কেন বারবার এমন গণপিটুনির ঘটনা ঘটে? এ প্রসঙ্গে রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শহরতলীতে ভাসমান মানুষের সংখ্যা বেশি। আর তাদের বিচার বিবেচনাও কম থাকে।" "জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমেই এ সমস্যা সমাধান করা সম্ভব।" সোমবার ভোররাতে আমিনবাজারের বড়দেশী এলাকার কেবলার চরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ওই ছয় যুবকের মৃত্যুর ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি। ' ওই চরে সাধারণত ডাকাত থাকে' বড়দেশী গ্রামের বাসিন্দা নূর হাবিব বলেন, কেবলার চরে আমরা দিনের বেলায়ও আসি না। ওই সাতজন কেন রাতে এসেছে তা কিছু বুঝতে পারছি না। "সাধারণত ওই চরে ডাকাতদল অবস্থান করে পাশের বড়দেশী, চাঁনপুর ও সালেপুরে ডাকাতি করে থাকে।" মুরাদ হোসেন নামে আরেক গ্রামবাসী জানান, ৪ জুলাই থেকে এ পর্যন্ত পাঁচটি ডাকাতির ঘটনা ঘটেছে। সাভার থানার ওসি মাহবুবুর রহমান জানান, বড়দেশী গ্রামে ডাকাতির ঘটনা এ সময়ের মধ্যে থানায় একটি মামলা হয়েছে। সামাজিকভাবে মোকাবেলার চিন্তা ১৪ মার্চ দক্ষিণ কেরানীগঞ্জের চরকৈবর্ত্য পাড়ায় দুই যুবককে ছিনতাইকারী সন্দেহে, ২০ জুন হাসনাবাদে চোর সন্দেহে সুমন (৩০) নামে এক যুবককে, ২২ জুন শাক্তায় বাদশা সর্দার (৩২) নামে এক যুবক চোর সন্দেহে গণপিটুনিতে নিহত হন। প্রথম দুজনের পরিচয় না পাওয়া গেলেও সুমন ও বাদশার স্বজনদের অভিযোগ ছিলো বাসা থেকে ডেকে নিয়ে তাদের পিটিয়ে হত্যা করা হয়েছে। কেরানীগঞ্জে বারবার এ ধরনের ঘটনা ঘটছে কেন জানতে চাইলে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপর শেখ রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমারা সামাজিকভাবে বিষয়টি মোকাবেলা চিন্তা ভাবনা করছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/২২০৬ ঘ.