পটুয়াখালী, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়ৈন্টিফোর ডটকম)- পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ধর্ষণের চেষ্টার অভিযোগে পুলিশের এক এএসআইকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
রোববার বিকালে পটুয়াখালীর পুলিশ সুপারিনটেনডেন্টের নির্দেশে মহিপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) অনিল চন্দ্রকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. মাসুদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার রাতে মহিপুর বাজার এলাকায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টাকালে এলাকাবাসী অনিলকে আটক করে পুলিশে সোপর্দ করে।
গৃহবধূর বরাত দিয়ে ওসি মাসুদ হোসেন জানান, সন্ধ্যায় পুলিশের এক দালাল তাকে ডেকে নিয়ে যায় তার (দালাল) বাসায়।
এসময় অনিল চন্দ্র তার নাম, স্বামীর নাম ও ঠিকানা লেখে বিভিন্ন ভয় দেখিয়ে অশালীন প্রস্তাব দেয়। কিন্তু তিনি তা না মেনে চলে আসেন।
এরপর রাত ৯টার দিকে অনিল নিজে ওই গুহবধূর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। তার চিৎকারে প্রতিবেশীরা এসে অনিলকে ধরে মহিপুর পুলিশ তদন্ত কেন্দ্রে পৌঁছে দেয়।
পুলিশ কর্মকর্তা মাসুদ বলেন, ওই গৃহবধূর কাছ থেকে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। স্থানীয় কয়েকজনের কাছে পাওয়া মৌখিক অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭৫৪ ঘ.
bdnews24