২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় দুর্ঘটনায় নিহত রংপুরের বিএনপি নেতা

গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত হয়েছেন রংপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2011, 04:03 AM

Updated : 24 Aug 2022, 03:35 PM

গাইবান্ধা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত হয়েছেন রংপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ খান। রোববার সকাল ৬টায় গোপীনাথপুর এলাকায় সংঘটিত এ দুর্ঘটনায় মোট তিন জন বাসযাত্রী নিহত হন বলে পুলিশ জানিয়েছে। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ ছিলো। নিহত অন্যরা হলেন- রংপুর শহরের বাবুখাঁ পাড়ার আব্দুস সালামের মেয়ে সেলিনা আফরোজ মুন্নী (২৭) ও আবু সাঈদ (৫০)। দুর্ঘটনায় আহত হন অন্তত ২৫ জন। মহাসড়ক পুলিশের গোবিন্দগঞ্জ থানার ওসি শেখ দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৬টার দিকে ঢাকা থেকে রংপুরগামী টিআর ট্রাভেলেসের একটি নৈশ বাসের সঙ্গে বিপরীতমুখী পাথরবোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসের তিন আরোহী ঘটনাস্থলেই মারা যায়। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি সড়কের ওপর পড়ে থাকায় মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। গাড়ি দুটি সরিয়ে নেওয়ার পর ৭টা থেকে যান চলাচল স্বাভাবিক বলে ওসি জানান। এদিকে শনিবার রাতে পলাশবাড়ী উপজেলার মাঠেরহাট ডাকঘরা এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে এক ট্রাক্টরচালক নিহত হয়েছেন। পলাশবাড়ী থানার ওসি মতিয়ার রহমান জানান, রাত ৮টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের পলাশবাড়ী উপজেলার মাঠেরহাট ডাকঘরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খাইরুল ইসলাম (২৫) এর বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার হরিপুর গ্রামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০৯৫৫ ঘ.