চট্টগ্রাম, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেন্টমার্টিন্সের নারিকেল জিনজিরা দ্বীপে পিলার নির্মাণ করে সমুদ্র সৈকত দখল করায় সাত প্রতিষ্ঠানকে মোট এক কোটি টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
সাতটি প্রতিষ্ঠানকে মোট এক কোটি নয় লাখ দুই হাজার দুইশ টাকা জরিমানা করা হয়।
যেসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে সেগুলো হলো- পানামা রিসোর্টের মালিক মোল্লা বশির আহম্মদ পান্নাকে পাঁচ লাখ ২২ হাজার ছয়শ টাকা, নির্মাণাধীন একটি বহুতল ভবন কাম হোটেলের মালিক ছৈয়দ আলমকে ২০ লাখ ৯০ হাজার আটশ টাকা, অন্য একটি নির্মাণাধীন ভবন কাম রিসোর্টের মালিক রেজাউল করিমকে এক লাখ টাকা, চৌধুরী বিল্ডার্সের সত্ত্বাধিকারী নজরুল ইসলাম চৌধুরীকে ১৯ লাখ ১৬ হাজার চারশ টাকা, নজরুল ইসলাম চৌধুরীর মালিকানাধীন আরেকটি প্রতিষ্ঠান চৌধুরী লাবিয়া বিলাসকে ১৯ লাখ ১৬ হাজার চারশ টাকা, অন্য একটি নির্মাণাধীন ভবন কাম হোটেলের মালিক মেওলভী আব্দুর রহমানকে ১৭ লাখ ৪২ হাজার চারশ টাকা, কেয়ারী ট্যুরস এন্ড সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামসুল হুদাকে ২৬ লাখ ১৩ হাজার ছয়শ টাকা।
গত বৃহস্পতি ও শুক্রবার দুইদিন ধরে কক্সবাজার জেলার টেকনাফ থানার সেন্টমার্টিন্স ইউনিয়নের জিনজিরা দ্বীপে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক মো. জাফর আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
শনিবার পরিবেশ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য সংবাদ মাধ্যমে জানানো হয়।
অভিযানে ৫০ মন রড, একটি জেনারেটর, ১০ হাজার ইট ও ১৩৫ বস্তা সিমেন্টও জব্দ করা হয়।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক তানজিমুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পিলার দিয়ে বালুর বস্তা ফেলে অবৈধভাবে সৈকত দখল করেছিল ওই সাত প্রতিষ্ঠান। এতে সমুদ্র তীরের ভাঙ্গন প্রবণতা বেড়েছে।
তিনি জানান, সৈকত দখল করে এসব প্রতিষ্ঠান বহুতল ভবনও নির্মাণ করেছে। এতে দ্বীপের পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি হয়েছে এবং জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক জাফর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দ্বীপ রক্ষাকারী বালিয়াড়ী ধ্বংস করায় সেন্টমার্টিন্সে মূল ভূখণ্ডে লবণাক্ত পানি প্রবেশ করেছে। পাশাপাশি দ্বীপবাসীর জীবন ও জীবিকা হুমকির মুখে ফেলায় পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত- ২০১০) অনুসারে ওই সাত প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
তানজিমুর রহমান জানান, জরিমানা আদায়ে নোটিশ করা হয়েছে এবং প্রতিষ্ঠানগুলো জরিমানার অর্থ পরিশোধের বিষয়ে লিখিত অঙ্গীকার করেছে।
তিনি জানান, এরমধ্যে ছয়টি প্রতিষ্ঠানকে ১৯ জুলাই এর মধ্যে অবৈধভাবে দখলকৃত সৈকত পূর্বের অবস্থায় ফিরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। তা না করলে অবৈধভাবে নির্মিত ভবনগুলো ভেঙ্গে দেয়া হবে এবং পরিবেশ আদালতে মামলা করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/পিডি/২২২৭ ঘ.
bdnews24