চাঁদপুর, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর শহরে মিছিলের চেষ্টা করায় জামায়াতে ইসলামীর চার কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
শনিবার সন্ধ্যায় শহরের ট্রাকরোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বাদশা মিয়া (২৫), মনির হোসেন (১৭), দেলোয়ার হোসেন (৬৬) ও ফকরুল ইসলামকে (২৪) থানা হাজতে রাখা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এদিকে জামায়াতের দাবি, মিছিলে পুলিশের লাঠিপটায় তাদের ১০ নেতাকর্মী আহত হয়েছেন।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মুশফিকুর রহমান জানান, সন্ধ্যায় ট্রাকরোড এলাকায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।
"কিন্তু তারপরও মিছিলের চেষ্টা করায় পুলিশ জামায়াতের চার কর্মীকে আটক করে," বলেন তিনি।
এ ব্যাপারে জেলা জামায়াত আমির এএইচ আহমদ উল্লাহ মিয়া বলেন, তাদের একটি প্রতিবাদ সমাবেশে পুলিশ বিনা উস্কানিতে লাঠিপেটা করে নেতাকর্মীদের চত্রভঙ্গ করে দেয়।
"এতে আমাদের ১০ নেতাকর্মী আহত হয়," বলেন জামায়াত নেতা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০০ ঘ.
bdnews24