২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাটালি হিল: ঠিকাদারের বিরুদ্ধে আদালতে অভিযোগ

চট্টগ্রামের বাটালি হিলের প্রতিরোধ (রিটেইনিং) দেওয়াল ধসে হতাহতের ঘটনায় সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে আদালতে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের এক সদস্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2011, 03:42 PM

Updated : 24 Aug 2022, 03:33 PM

চট্টগ্রাম, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বাটালি হিলের প্রতিরোধ (রিটেইনিং) দেওয়াল ধসে হতাহতের ঘটনায় সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে আদালতে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের এক সদস্য। মোহাম্মদ রাসেল নামের ওই ব্যক্তি বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম মো. মাহাবুবুর রহমানের আদালতে ওই দেওয়াল নির্মাণকারী ঠিকাদার এস এম গিয়াস উদ্দিনের বিরুদ্ধে এ অভিযোগ করেন। হাকিম অভিযোগ তদন্ত করে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ-কমিশনার আমেনা বেগমকে নির্দেশ দিয়েছেন। আদালতের পেশকার আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৩০৪ এর (খ) ধারায় অভিযোগটি দায়ের করা হয়েছে। গত ১ জুলাই সকালে চট্টগ্রামের খুলশী থানাধীন বাটালি হিলের প্রতিরোধ দেওয়ালের একটি অংশ ধসে পাঁচ পরিবারের ১৭ জনের মৃত্যু হয়। ওই ঘটনায় রাসেলের খালা-খালুসহ একই পরিবারের চারজন মারা যায়। অভিযোগে রাসেল বলেন, বাটালি হিলের দেওয়ালটির নির্মাণ কাজ ছিল ত্র"টিপূর্ণ। এ ব্যাপারে ঠিকাদার গিয়াসকে বার বার তাগাদা দিয়েও কোনো কাজ হয়নি। ঠিকাদারের অবহেলার কারণেই দেওয়াল ধসে যায়। দুর্ঘটনাস্থলের জায়গার মালিক বাংলাদেশ রেলওয়ে হলেও বাটালি হিল রক্ষায় প্রতিরোধ দেওয়ালটি নির্মাণ করেছিল চট্টগ্রাম সিটি করপোরেশন। প্রায় এক বছর আগে নির্মাণ কাজ শুরু হলেও এখনো তা পুরোপুরি শেষ হয়নি। ওই দেয়ালের নির্মাণ কাজে অবহেলার অভিযোগে দুর্ঘটনার পরদিন চার প্রকৌশলীকে সাময়িক বরখাস্তও করে চট্টগ্রাম নগর কর্তৃপক্ষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/২১৩২ ঘ.