সিলেট, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট-তামাবিল সড়কের দাশপাড়া এলাকায় ট্রাক শ্রমিক ইউনিয়নের এক নেতাকে র্যাব সদস্যের মারধরের প্রতিবাদে করা সড়ক অবরোধ প্রত্যাহার করে নিয়েছে শ্রমিকরা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার নাজমুল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে কবৃহস্পতিবার বিকাল পৌনে ৬টার দিকে তারা অবরোধ প্রত্যাহার করে নেয়।
এর আগে সাড়ে ৪টা থেকে দাশপাড়া, টুকেরবাজার ও উপশহর এলাকায় সড়ক অবরোধ করেছিলো তারা।
অবরোধের বিষয়ে সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল গফুর বলেন, ট্রাক ড্রাইভারের লাইসেন্স ও তাদের সদস্য পদ আছে কিনা সংগঠনের পক্ষ থেকে তারা পরীক্ষা করছিলেন। এ সময় চাঁদাবাজির অভিযোগ এনে সংগঠনের কোষাধ্যক্ষ তুরু মিয়াকে র্যাব সদস্যরা মারধর করেন।
এর প্রতিবাদে সড়ক অবরোধ করা হলেও ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস পেয়ে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৭৪৪ ঘ.
bdnews24