রাজবাড়ি, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ির গোয়ালন্দে একটি কভার্ড ভ্যানের চাপায় তিন জন নিহত হওয়ার পর মহাসড়ক পাঁচ ঘণ্টা অবরোধ করে রাখে জনতা। জ্বালিয়ে দেয় কভার্ড ভ্যানটি।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৭টায় ওই দুর্ঘটনার পরপরই জনতা রাস্তায় নেমে আসে।
অবরোধের কারণে দৌলতদিয়া ফেরি পার হয়ে আসা যশোর-খুলনা-বরিশালগামী সব গাড়ি আটকা পড়ে। গোয়ালন্দ বাজারে আটকে থাকে ঢাকামুখী গাড়িগুলোও।
জেলা প্রশাসন ও পুলিশের আশ্বাসে জনতা অবরোধ তুলে নিয়ে দুপুর ১২টায় মহাসড়কে গাড়ি চলাচল পুনরায় শুরু হয়।
গোয়ালন্দ থানার উপপরিদর্শক ইলিয়াস হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৭টায় গোয়ালন্দ বাজারের পদ্মার মোড়ে একটি কভার্ড ভ্যানের চাপায় নিহত হন তিন পথচারী। এরপর জনতা গাড়িটিতে আগুন দেয়। পরে দমকল বাহিনী এসে আগুন নেভায়।
নিহতরা হলেন- গোয়ালন্দ পৌর এলাকার বাসিন্দা মিজান বেপারী (২৫), রবিউল বেপারী (২৩) ও সবুজ প্রামাণিক (২৫)।
তারা সকালে নদীতীরে হাঁটতে যাচ্ছিলেন বলে স্থানীয়রা জানায়।
এদিকে বুধবার রাতে দৌলতদিয়া থেকে ফরিদপুরগামী একটি লোকাল বাসের সামনের চাকা বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হয় বলে পুলিশ জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৩০ ঘ.
bdnews24