২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতিহাদের যাত্রী হয়রানি: হাইকোর্টে রিট আবেদন

দুই যাত্রীকে হয়রানির অভিযোগে ইতিহাদ এয়ারওয়েজের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের আদেশ চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2011, 05:44 PM

Updated : 24 Aug 2022, 03:33 PM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই যাত্রীকে হয়রানির অভিযোগে ইতিহাদ এয়ারওয়েজের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের আদেশ চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন হয়েছে। দুই বাদিনীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ বুধবার আদালতে এই রিট আবেদন করেন। এতে ইতিহাদ এয়ারওয়েজ কর্তৃপক্ষের কাছ থেকে এক লাখ ডলার ক্ষতিপূরণ আদায়ে আদালতের নির্দেশনা চাওয়ার পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিষ্ক্রিয়তাকে বেআইনী ঘোষণার আর্জি জানানো হয়েছে। রিটে পররাষ্ট্র সচিব, বেসামরিক বিমান চলাচল সচিব, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, বিমানবন্দর থানার ওসি, ইতিহাদের অপারেশনাল ম্যানেজার, সুপারভাইজার ও কান্ট্রি ম্যানেজারকে বিবাদি করা হয়েছে। মনজিল মোরসেদ সাংবাদিকদের জানিয়েছেন, বৃহস্পতিবার এই রিটের শুনানি হতে পারে। তিনি জানান, রিট আবেদনকারী তানজিন বৃষ্টি গত ২৮ জুন তার মাকে নিয়ে ইতিহাদের একটি কানেক্টিং ফ্লাইটে টরেন্টো যাচ্ছিলেন। ঢাকা থেকে দুবাই যাওয়ার পর সেখান থেকে তাদের নামে টরোন্টোর বর্ডিং পাসও ইস্যু করা হয়। কিন্তু আবুধাবি থেকে টরেন্টোর বিমানে ওঠার আনুষ্ঠানিকতার সময় ইতিহাদ এয়ারলাইন্সের কর্মকর্তারা তাদের আটকে দেয়। "এ সময় তাদের একটি কক্ষে আটকে রেখে অসৌজন্যমূলক আচরণ করে এয়ারলাইন্সের কর্মকর্তারা। প্রায় ১৪ ঘণ্টা পর তাদের বাংলাদেশে ফেরত আসতে বাধ্য করা হয়," বলেন মনজিল। কানাডা ও বাংলাদেশের দ্বৈত নাগরিক তানজিন বৃষ্টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে চেক ইন কাউন্টারে ওখানকার এক ব্যক্তি আমার বোর্ডিং পাসে স্ট্যাম্প দিলেও আমার মায়ের পাসপোর্টে স্ট্যাম্প দিতে ভুলে যায়। যা আমাদের কেউই খেয়াল করিনি। ওই অবস্থায় দুটি দীর্ঘ লাইন অতিক্রমের পর এয়ারক্রাফটের গেটে পৌঁছালে সেখানকার এক ব্যক্তি আমার মাকে বোর্ডিং পাসে স্ট্যাম্প লাগিয়ে আনতে বলে। তখন আমি বলি, এটা তোমাদের ভুল। তাই তোমাদেরই এটা করে দেওয়া উচিত। পরে বোর্ডিং পাসে স্ট্যাম্প লাগাতে গিয়ে সেখানে নানামুখী নাজেহালে আমরা ফ্লাইট মিস করি।" এ বিষয়ে বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলেও জানান তিনি। এছাড়া এক লাখ ডলার ক্ষতিপূরণ দাবি করে গত ৫ জুলাই ইতিহাদ কর্তৃপক্ষকে একটি লিগ্যাল নোটিশ পাঠান বৃষ্টির আইনজীবী মনজিল মোরসেদ। ওই নোটিশে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে পররাষ্ট্র সচিব ও বিমানবন্দর থানার ওসিকে ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়। একই সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিমানবন্দর থানার ওসিকে হয়রানির জন্য দায়ীদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নিতে বলা হয়। নির্ধারিত সময়ের মধ্যে পদক্ষেপ না নেওয়ায় হাইকোর্টে এই রিট আবেদন করা হয়েছে বলে মনজিল জানান। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ ২০০৩ সালের জুলাইয়ে ফ্লাইট পরিচালনা শুরু করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/জেকে/২৩৩৩ ঘ.