২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ট্রেচারে করে এজলাসে ফারুক

পুলিশের লাঠিপেটায় আহত বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুককে স্ট্রেচারে করে এজলাসে আনা হলেও পরে তাকে অ্যাম্বুলেন্সে থাকার অনুমতি দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2011, 05:44 AM

Updated : 24 Aug 2022, 03:33 PM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের লাঠিপেটায় আহত বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুককে স্ট্রেচারে করে এজলাসে আনা হলেও পরে তাকে অ্যাম্বুলেন্সে থাকার অনুমতি দিয়েছে আদালত। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আনোয়ারুল হকের হাইকোর্ট বেঞ্চে মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে ফারুককে আনা হয়। পুলিশের করা মামলায় ওই বেঞ্চেই তার জামিনের আবেদনের শুনানি চলছে। নির্দেশ মেনে সকালে ফারুককে হাইকোর্টে নেওয়ার ব্যবস্থা করে পুলিশ। ইউনাইটেড হাসপাতাল থেকে সকাল সোয়া ১০টার দিকে ফারুককে অ্যাম্বুলেন্সে করে সুপ্রিম কোর্টে নেওয়া হয়। পুলিশ ফারুককে হাসপাতাল থেকে বের হতে বাধা দিচ্ছে- আদালতে আইনজীবীরা এ কথা জানালে সোমবার হাইকোর্ট তাকে আদালতে আনতে ঢাকার পুলিশ কমিশনারকে নির্দেশ দেয়। হরতালে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশের করা মামলায় ফারুক জামিন চাইতে হাইকোর্টে আসতে চেয়েছিলেন। ফারুক অনুপস্থিত থাকায় সোমবার জামিন আবেদনের শুনানি হয়নি। গত ৬ জুলাই হরতালের দিন সংসদ ভবনের সামনে ধস্তাধস্তির পর পুলিশের লাঠিপেটায় আহত হন বিএনপির প্রচার সম্পাদক ফারুক। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সেদিনই শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক নাজমুল করিম এই মামলা দায়ের করেন। সোমবার ওই মামলায় ফারুকের পক্ষে জামিনের আবেদন করেন মাহবুব উদ্দিন খোকন। ফারুকের পাশাপাশি একই মামলার আসামি বিএনপির সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফি পাপিয়াও জামিন চেয়ে আবেদন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১১৩০ ঘ.